সিংড়ায় জুয়ার আসরে অভিযান, দেড় লাখ টাকাসহ গ্রেপ্তার ২

আপডেট : ১৩ নভেম্বর ২০২৬, ০৯:৪০ এএম

নাটোরের সিংড়ায় জুয়ার আসরে অভিযান চালিয়ে নগদ দেড় লাখ টাকা, তাস ও দুটি মোবাইল ফোনসহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিদের একজনের মোবাইল ফোনে অনলাইন জুয়ার দুটি অ্যাপও পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুরে সিংড়া থানায় আয়োজিত প্রেস ব্রিফিংয়ে সহকারী পুলিশ সুপার (সিংড়া-গুরুদাসপুর সার্কেল) নূর মোহাম্মদ এসব তথ্য নিশ্চিত করেন।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- উপজেলার বামিহাল গ্রামের মৃত মহির উদ্দিন মাস্টারের ছেলে নাজিম উদ্দিন (৪২) এবং নয়া রাতাল কয়াকাস গ্রামের আমজাদ হোসেনের ছেলে মিলন হোসেন (৩৫)।

গত বুধবার (১১ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে পৌর শহরের জামিলা ফয়েজ পলিটেকনিক ইনস্টিটিউটের নিচতলার বারান্দা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।

সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, বুধবার রাতে নিয়মিত টহলের সময় গোপন সংবাদের ভিত্তিতে জামিলা ফয়েজ পলিটেকনিক ইনস্টিটিউটে অভিযান চালায় পুলিশের একটি দল। সেখানে কয়েকজনকে টাকার বিনিময়ে জুয়া খেলতে দেখা যায়। পরে ঘটনাস্থল থেকে নাজিম উদ্দিন ও মিলন হোসেনকে গ্রেপ্তার করা হয়।

অভিযানে ৫২টি তাসের একটি সেট, জুয়া খেলার নগদ দেড় লাখ টাকা এবং দুটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন জব্দ করা হয়। জব্দ করা ফোনের মধ্যে একটি ফোনে অনলাইন জুয়ার দুটি অ্যাপ পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ।

এ ঘটনায় সিংড়া থানায় জুয়া প্রতিরোধ আইনে মামলা করা হয়েছে।

এমইউ
আরও পড়ুন