গাজীপুরের বিভিন্ন শিল্পাঞ্চলে বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে শ্রমিকদের বিক্ষোভ ও পুলিশের সঙ্গে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল থেকে মহানগরীর বিভিন্ন এলাকায় সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন পোশাক কারখানার শ্রমিকেরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ বিভিন্ন স্থানে চেষ্টা চালায়।
এ সময় কয়েকটি এলাকায় শ্রমিকদের সঙ্গে পুলিশের পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষ হয়। পরে পুলিশ শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেয়।
সকালে নাওজোড়, চান্দনা চৌরাস্তা, ভোগড়া বাইপাস ও ছয়দানা-কলম্বিয়া এলাকায় শ্রমিকদের বিক্ষোভের খবর পাওয়া যায়। এসব এলাকায় শ্রমিকেরা সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করলে যান চলাচল ব্যাহত হয়। বিশেষ করে ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের কয়েকটি অংশে যান চলাচলে বিঘ্ন ঘটে।

এদিকে টঙ্গীর গাজীপুরা এলাকায় শ্রমিকদের বিক্ষোভকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে। একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে পুলিশ শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেয়। এ ছাড়া শালিকচুড়া ও গাছা থানাধীন তারগাছ এলাকাতেও শ্রমিকেরা বিক্ষোভ করেন। এসব এলাকায় শ্রমিকদের বিক্ষোভের কারণে শিল্পাঞ্চলে উত্তেজনা ছড়িয়ে পড়ে।
অন্যদিকে মহানগরীর সাইনবোর্ড এলাকায় শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষের সময় পুলিশের ছোড়া সাউন্ড গ্রেনেডের আঘাতে গুরুতর আহত হন দৈনিক কালবেলার মাল্টিমিডিয়া রিপোর্টার মামুন। তাকে উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে তাকে চিকিৎসা দেওয়া হচ্ছে।
শ্রমিক অসন্তোষের প্রভাব পড়েছে কোনাবাড়ী, মৌচাক ও পল্লীবিদ্যুৎ শিল্পাঞ্চলেও। এসব এলাকায় বিভিন্ন কারখানায় শ্রমিকদের কর্মবিরতি ও অসন্তোষের খবর পাওয়া গেছে। শ্রমিকদের আন্দোলন ঘিরে শিল্পাঞ্চলের বিভিন্ন সড়কে উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বিভিন্ন এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সতর্ক অবস্থানে থাকতে দেখা গেছে।
গাজীপুর শিল্প পুলিশ-২ সূত্রে জানা গেছে, শ্রমিক অসন্তোষের কারণে মঙ্গলবার সকালে ভোগড়া এলাকায় পাঁচটি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। এ ছাড়া গাজীপুরে মোট ২৬টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ রয়েছে। শ্রমিক অসন্তোষের কারণে শিল্পাঞ্চলের কারখানাগুলোতে উৎপাদন কার্যক্রমও ব্যাহত হচ্ছে।
গাজীপুর শিল্প পুলিশ-২-এর পুলিশ সুপার আমজাদ হোসাইন বলেন, ‘পৃথক কয়েকটি স্থানে শ্রমিক বিক্ষোভের ঘটনা ঘটেছে। আমরা চেষ্টা করছি আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার।’
কার্বন নিঃসরণ ও রপ্তানিজনিত দূষণে শীর্ষে যেসব দেশ
ওসমান ফারুকের আসনে ৯০ দিনের মধ্যেই ভোট: ইসি মাছউদ