দক্ষিণ কোরিয়ায় জন্ম ও বেড়ে ওঠা জাতিগত কোরীয়দের মধ্যে আনুমানিক ৪৫ হাজার মানুষ ইসলাম গ্রহণ করেছেন। তাঁদের অনেকেই প্রচলিত সামাজিক রীতিনীতি ও জীবনযাপনের বাইরে নতুন মূল্যবোধ, আত্মিক প্রশান্তি এবং ভিন্ন এক জীবনদর্শনের সন্ধানে ইসলামের প্রতি আকৃষ্ট হচ্ছেন।
দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলের ইতাওন এলাকায় একটি পাহাড়ের চূড়ায় অবস্থিত সিউল সেন্ট্রাল মসজিদ। সেখানে প্রতি মাসে পাঁচ থেকে ২৫ জন নতুন আগ্রহী ব্যক্তি ইসলামের মৌলিক বিষয় শেখার প্রশিক্ষণ কোর্সে অংশ নেন। কোর্স শেষে তাঁরা চাইলে শাহাদাহ পাঠের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে ইসলাম গ্রহণ করতে পারেন। তাঁদের অধিকাংশই পুরুষ।
ইসলাম গ্রহণকারীদের একজন ইউসুফ। ত্রিশের কোঠায় থাকা এই জাতিগত কোরীয় ২০১৪ সালে ইসলাম গ্রহণ করেন। তাঁর মতে, দক্ষিণ কোরিয়ার অনেক পুরুষ বিয়ের উদ্দেশ্যেও ইসলামের প্রতি আগ্রহী হচ্ছেন।
ইউসুফ বলেন, ‘বেশির ভাগ পুরুষই স্ত্রী খুঁজতে ইসলাম গ্রহণ করেন।’
বিশেষ করে রাজধানী সিউলের প্রতিযোগিতামূলক প্রেম ও বিয়ের সংস্কৃতিতে হতাশ হয়ে কিছু পুরুষ ইসলামের মধ্যে তুলনামূলক সহজ ও সরল বিবাহব্যবস্থার সন্ধান করছেন বলে মনে করেন তিনি।
তবে নারীদের ইসলাম গ্রহণের পেছনে বিয়ের বিষয়টি প্রধান কারণ নয়। সাক্ষাৎকার দেওয়া কয়েকজন নারীও ইসলামের ‘সরলতা’র কথা উল্লেখ করেছেন। তাঁদের দুজন বলেছেন, ইসলামের এক সৃষ্টিকর্তায় বিশ্বাসের মৌলিক ধারণা তাঁদের আকৃষ্ট করেছে।
ত্রিশের কোঠায় থাকা কোরীয় মুসলিম নারী আরেউম বলেন, ইসলামে বয়োজ্যেষ্ঠদের প্রতি সম্মান প্রদর্শনের বিষয়টি তাঁর নিজস্ব কোরীয় সংস্কৃতির সঙ্গেও সামঞ্জস্যপূর্ণ। ফলে পরিবার, বিশেষ করে মা-বাবার কাছে ইসলাম গ্রহণের সিদ্ধান্ত ব্যাখ্যা করা তাঁর জন্য তুলনামূলক সহজ হয়েছে।
ইউসুফ, আরেউমসহ অন্য ধর্মান্তরিত কোরীয়দের বক্তব্যে উঠে এসেছে, নিজস্ব সংস্কৃতির মধ্যে থেকেও তাঁরা অনেক সময় মানসিক ও আত্মিক পরিপূর্ণতা খুঁজে পাননি। তাঁদের কাছে ইসলাম প্রচলিত কোরীয় সংস্কৃতির জটিলতা থেকে বেরিয়ে আসার একটি পথ।
ইসলাম নিয়ে প্রচলিত ধারণা ভাঙার চেষ্টা
ইসলাম সম্পর্কে প্রচলিত নেতিবাচক ধারণা ও সামাজিক গৎবাঁধা দৃষ্টিভঙ্গি মোকাবিলা করাও অনেক ধর্মান্তরিত কোরীয়ের কাছে গুরুত্বপূর্ণ বিষয়। তাঁদের কেউ কেউ মনে করেন, কোরীয় গণমাধ্যমে যেসব মানুষ ও মূল্যবোধকে নেতিবাচকভাবে তুলে ধরা হয়, সেগুলোর সঙ্গে পরিচিত হওয়া এবং সেগুলোকে গ্রহণ করার মধ্য দিয়েও তাঁরা নিজেদের দৃষ্টিভঙ্গির পরিবর্তন ঘটিয়েছেন।
সিউল সেন্ট্রাল মসজিদের এক প্রতিনিধি জানান, মসজিদে আসা আগ্রহী কোরীয়দের বড় অংশের বয়স ২০ থেকে ৩০ বছরের মধ্যে। মূলধারার সমাজের প্রত্যাশা ও জীবনযাপনের ধরনে হতাশ তরুণদের মধ্যে ইসলামের প্রতি আগ্রহ বাড়ার প্রবণতাও এতে প্রতিফলিত হচ্ছে।
কোরিয়ায় ইসলামের ইতিহাস দেশটির রাজনৈতিক ও অর্থনৈতিক উত্থান-পতনের সঙ্গে সম্পর্কিত। বিশ্বের বিভিন্ন অঞ্চলের সঙ্গে যোগাযোগ ও বাণিজ্য বাড়লে মুসলিম ব্যবসায়ী ও শ্রমিকেরা কোরীয় উপদ্বীপে এসেছেন। তবে কোরিয়ায় মুসলিম জনগোষ্ঠীর ধারাবাহিক ও অবিচ্ছিন্ন উপস্থিতি কখনো প্রতিষ্ঠিত হয়নি। ফলে অতীতের মুসলিম জনগোষ্ঠীগুলোকে বর্তমান কোরীয় মুসলিমদের সরাসরি পূর্বসূরি বলা যায় না।
কোরিয়ায় মুসলিম অভিবাসীদের প্রথম নথিভুক্ত উপস্থিতির কথা পাওয়া যায় খ্রিষ্টপূর্ব ৫৭ থেকে খ্রিষ্টীয় ৯৩৫ সাল পর্যন্ত স্থায়ী সিলা রাজবংশের সময়। সে সময় মধ্যপ্রাচ্যের ব্যবসায়ীরা কোরীয় উপদ্বীপে আসেন।
পরবর্তী সময়ে ৯১৮ থেকে ১৩৯২ সাল পর্যন্ত গোরিও রাজবংশ, ১৩৯২ থেকে ১৯১০ সাল পর্যন্ত জোসন রাজবংশ, ১৯১০ থেকে ১৯৪৫ সাল পর্যন্ত জাপানি ঔপনিবেশিক শাসন, ১৯৫০ থেকে ১৯৫৩ সালের কোরীয় যুদ্ধ এবং ১৯৭০-এর দশকের তেলসংকটের সময়ও বিভিন্ন পর্যায়ে মুসলিম সম্প্রদায়ের উপস্থিতি দেখা যায়।
কোরীয় সমাজের সঙ্গে মুসলিম জনগোষ্ঠীর একীভূত হওয়ার প্রক্রিয়া সব সময় একই রকম ছিল না। তবে তাঁরা সম্পূর্ণ বিচ্ছিন্ন অবস্থায়ও থাকেননি; বরং কোরীয় সমাজের সঙ্গে উল্লেখযোগ্য সাংস্কৃতিক আদান-প্রদান হয়েছে।
এর একটি উদাহরণ হিসেবে চীনা মুসলিম জনগোষ্ঠী হুইহুইয়ের কথা উল্লেখ করা হয়। কোরিয়ার জনপ্রিয় মদ্যপ পানীয় সোজু তৈরির পেছনে যে পাতনপ্রযুক্তি ব্যবহৃত হয়েছে, তা পরিচয় করিয়ে দেওয়ার কৃতিত্ব এই জনগোষ্ঠীকে দেওয়া হয়।
কোরিয়ায় মুসলিম সম্প্রদায়ের অস্তিত্ব ও সামাজিক অবস্থান বরাবরই দেশটির রাজনীতির সঙ্গে সম্পর্কিত ছিল। ইতিহাসের বিভিন্ন সময়ে ইসলাম পালনের ওপর বিধিনিষেধ আরোপ করা হয়েছে। যেমন রাজা সেজংয়ের (১৩৯৭-১৪৫০) শাসনামলে প্রকাশ্যে ধর্মীয় আচার পালনে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল, যার ফলে মুসলিমদের মূলধারার সমাজে মিশে যেতে কার্যত বাধ্য হতে হয়।
অন্যদিকে, মুসলিম অভিবাসী ও স্থানীয় ধর্মান্তরিতদের গ্রহণযোগ্যতা অনেকাংশে নির্ভর করেছে সময় ও সুযোগের ওপর। আধুনিক দক্ষিণ কোরিয়ার ইতিহাসে প্রথম ২৫০ জন স্থানীয় ধর্মান্তরিত মুসলিমের ইসলাম গ্রহণে কোরীয় যুদ্ধে অংশ নেওয়া তুর্কি মুসলিম সেনাদের উপস্থিতি ও সহযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল।
১৯৯০-এর দশক থেকে দক্ষিণ কোরীয়দের ইসলাম গ্রহণের নতুন প্রবণতা দেশটির সামগ্রিক ধর্মীয় চর্চার পরিবর্তনের সঙ্গেও সম্পর্কিত। ১৯৬০-এর দশক থেকে দক্ষিণ কোরিয়ার মোট জনসংখ্যার মধ্যে কোনো না কোনো ধর্ম অনুসরণকারীর অনুপাত ধারাবাহিকভাবে বেড়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
তবে খ্রিষ্টধর্মের মতো বিদেশ থেকে আসা অন্য ধর্মগুলো দক্ষিণ কোরিয়ায় বিস্তারের ক্ষেত্রে স্থানীয় সংস্কৃতি ও সামাজিক রীতিনীতির সঙ্গে নিজেদের মানিয়ে নিয়েছে। একে ধর্মের ‘কোরীয়করণ’ বলা হয়।
অন্যদিকে, দেশটির বর্তমান মুসলিম সম্প্রদায় যার মধ্যে স্থানীয়ভাবে ধর্মান্তরিতরাও রয়েছেন—কোরীয় সংস্কৃতির সঙ্গে দৃশ্যমান ও ধারণাগত দূরত্ব বজায় রেখেছে। সম্ভাব্য অনুসারীদের কাছে ইসলামের এই স্বতন্ত্র পরিচয়ও আকর্ষণের একটি কারণ হয়ে উঠেছে।
তবে ইসলামি ও কোরীয় সংস্কৃতির মধ্যকার এই দূরত্ব ধীরে ধীরে কমতে পারে। একদিকে কোরীয়দের ইসলাম গ্রহণের সংখ্যা অল্প হলেও নিয়মিত বাড়ছে, অন্যদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে কোরীয় মুসলিম ইনফ্লুয়েন্সারদের উপস্থিতিও বাড়ছে।
কোরিয়ায় বসবাসরত ইন্দোনেশীয় সম্প্রদায়ের মধ্যে ইন্দোনেশীয় স্ত্রীদের কোরীয় স্বামীরা টিকটক চ্যানেলের মাধ্যমে জনপ্রিয়তা অর্জন করেছেন। কোরীয় মুসলিমদের কয়েকটি ইনফ্লুয়েন্সার অ্যাকাউন্টে হাজার হাজার অনুসারী রয়েছে। এসব অ্যাকাউন্টে মুসলিম ‘অপ্পা’দের জীবনযাপন তুলে ধরা হয়। কোরীয় ভাষায় ‘অপ্পা’ শব্দটি সাধারণত বড় ভাই বোঝাতে ব্যবহৃত হলেও প্রেমিক বা পুরুষ সঙ্গীকেও সম্বোধন করতে পারে।
কোরীয় মুসলিম নারীদের ইনফ্লুয়েন্সার অ্যাকাউন্টগুলোতেও জীবনযাপন ও পোশাক নিয়ে আগ্রহ রয়েছে। তাঁদের কেউ কেউ হিজাবের সঙ্গে ঐতিহ্যবাহী কোরীয় পোশাক ‘হানবক’-এর সমন্বয় ঘটিয়ে নতুন ফ্যাশনধারা তুলে ধরছেন।
ইসলামি ও কোরীয় সংস্কৃতির এই মিশ্র রূপ স্থানীয়ভাবে ধর্মান্তরিতদের মধ্যে ইসলামের গ্রহণযোগ্যতা বাড়াতে পারে বলে মনে করা হচ্ছে।
এর উদাহরণ আয়ানা জিহে মুন। কোরিয়ায় জন্ম নেওয়া এই নারী কৈশোরে ইসলাম গ্রহণ করেন। ছোটবেলায় ইরাক যুদ্ধের সময় ইসলাম সম্পর্কে বিভিন্ন আলোচনা শুনে তাঁর মধ্যে ধর্মটি নিয়ে কৌতূহল তৈরি হয়েছিল। পরে তিনি উচ্চশিক্ষা গ্রহণ করেন এবং একপর্যায়ে ইন্দোনেশিয়ায় বসবাস শুরু করেন। বর্তমানে তিনি কোরীয় মুসলিম ফ্যাশন ইনফ্লুয়েন্সার হিসেবে পরিচিত।
কোরীয় মুসলিমদের মধ্যে উল্লেখযোগ্য অনুসারী রয়েছে ইউটিউবার দাউদ কিমেরও। নিজের ইসলাম গ্রহণ ও মুসলিম হিসেবে জীবনযাপনের অভিজ্ঞতা নিয়ে তিনি ভিডিও প্রকাশ করেন।
এই দুই ইনফ্লুয়েন্সারেরই কোরীয় ও আন্তর্জাতিক দর্শক রয়েছে। তাঁদের স্বতন্ত্র পরিচয় এবং ব্যক্তিগত অভিজ্ঞতা প্রকাশের আগ্রহ কোরীয় তরুণদের কাছে ইসলামকে আরও পরিচিত ও সহজবোধ্য করে তুলেছে। প্রচলিত ধর্মপ্রচারের মাধ্যমে যাঁদের কাছে পৌঁছানো কঠিন, সামাজিক যোগাযোগমাধ্যমের এসব কনটেন্ট তাঁদের কাছেও ইসলামের পরিচিতি পৌঁছে দিচ্ছে।
তবে ইউসুফ এসব ধর্মান্তরের পেছনের উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তুলেছেন। তাঁর মতে, কারও ইসলাম গ্রহণের প্রাথমিক উদ্দেশ্য যা-ই হোক না কেন, ইসলাম সম্পর্কে জানার ও অনুসন্ধানের সুযোগ সবার জন্য উন্মুক্ত থাকা উচিত।
ইংরেজি ভাষাভাষীদের একটি ক্লাবে মুসলিম বন্ধুদের সঙ্গে পরিচয়ের মাধ্যমে তাঁর নিজের ইসলাম সম্পর্কে আগ্রহ তৈরি হয়েছিল। ইউসুফ বলেন, বিদেশি ভাষা শেখা এবং পরে নতুন একটি ধর্ম সম্পর্কে জানার মধ্য দিয়ে তিনি কোরিয়ার ‘অন্তর্মুখী’ সংস্কৃতির সীমাবদ্ধতা থেকে বেরিয়ে আসার পথ খুঁজে পেয়েছেন।
কেউ কেউ আশঙ্কা করেন, ইসলাম গ্রহণের ফলে কোরীয় সমাজে ধর্মান্তরিত ব্যক্তিরা একাকিত্ব বা সামাজিক বর্জনের শিকার হতে পারেন। তবে সাক্ষাৎকার দেওয়া ধর্মান্তরিতদের অভিজ্ঞতা ভিন্ন। তাঁদের অনেকেই জানিয়েছেন, ইসলাম গ্রহণের পর তাঁরা আরও শক্তিশালী সামাজিক ও আত্মিক বন্ধন খুঁজে পেয়েছেন।
কিছু কোরীয় মুসলিম তাঁদের পরিচিতজন ও সহকর্মীদের কাছ থেকে বৈষম্য বা বর্জনের অভিজ্ঞতার কথা জানিয়েছেন। তবে তাঁদের মতে, একই বিশ্বাসে আস্থাশীল মুসলিম সম্প্রদায়ের কাছ থেকে পাওয়া সহযোগিতা ও সংহতি এসব প্রতিকূলতা মোকাবিলায় যথেষ্ট শক্তি জোগায়।
আরেউমের ভাষায়, সারা জীবন কোরিয়ায় বসবাস করলেও প্রথমবার সিউলের মসজিদে গিয়ে তাঁর মনে হয়েছিল, ‘অবশেষে যেন নিজের ঘরে ফিরে এসেছি।’
লেখক পরিচিতি: নাথালি এম. কওন হানকুক ইউনিভার্সিটি অব ফরেন স্টাডিজের একজন ভিজিটিং গবেষক। মধ্য এশিয়া ও কোরিয়ার মধ্যে অভিবাসন এবং সাংস্কৃতিক আদান-প্রদান তাঁর গবেষণার বিশেষ ক্ষেত্র।
নতুন মজুরি বোর্ডের মাধ্যমে শ্রমিকদের প্রত্যাশা পূরণ হবে: শ্রমমন্ত্রী
রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৩৩৫
শিবগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়ের মৃত্যু
পোল্যাডের পাশে থাকার অঙ্গীকার করলেন ন্যাটোর মহাসচিব