অধিকৃত পূর্ব জেরুজালেমের পুরোনো শহরে দখল করা এক ফিলিস্তিনির বাড়ি ২ কোটি (২০ মিলিয়ন) ডলারে বিক্রির জন্য তালিকাভুক্ত করেছে ইসরায়েল। ইসরায়েলের এ পদক্ষেপের তীব্র নিন্দা জানিয়েছে ফিলিস্তিনের আল-কুদস গভর্নরেট। তাদের অভিযোগ, বসতি সম্প্রসারণের চলমান প্রচেষ্টার অংশ হিসেবেই ফিলিস্তিনিদের বাড়িঘর দখল করে বিক্রির উদ্যোগ নেওয়া হচ্ছে।
রোববার (২২ নভেম্বর) এক বিবৃতিতে আল-কুদস গভর্নরেট বলেছে, ‘কোনো সম্পত্তি বিক্রির জন্য তালিকাভুক্ত করলেই সেটির দখল বৈধ হয়ে যায় না।’ বাড়িটির ফিলিস্তিনি মালিকেরা এখনো এর মালিকানার অধিকারী এবং নিজেদের সম্পত্তি ফিরে পাওয়ার অধিকারও তাঁদের রয়েছে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।
গভর্নরেট ইসরায়েলি কর্তৃপক্ষের বিরুদ্ধে সরকারি সিদ্ধান্ত ও প্রশাসনিক প্রক্রিয়া ব্যবহার করে ফিলিস্তিনিদের বাড়িঘর দখলের পথ সুগম করার অভিযোগ তুলেছে। একই সঙ্গে এ দখলের সঙ্গে জড়িত ব্যক্তিদের সুরক্ষা দেওয়ারও নিন্দা জানিয়েছে তারা।
বিবৃতিতে বলা হয়, দখল করা বাড়ি বিক্রির জন্য তালিকাভুক্ত করার ঘটনা ফিলিস্তিনিদের বাড়িঘর কেড়ে নেওয়া, মালিকদের জোরপূর্বক উচ্ছেদ করা এবং পরে সেসব সম্পত্তি বাজারে তোলার বৃহত্তর ইসরায়েলি নীতির প্রতিফলন।
গভর্নরেট সতর্ক করে বলেছে, দখল করা বাড়িঘর অতিরিক্ত উচ্চমূল্যে পুনরায় বিক্রির প্রক্রিয়া অবৈধ বসতি সম্প্রসারণকে আরও উৎসাহিত করতে পারে। এর ফলে ফিলিস্তিনিদের সম্পত্তি বারবার কেনাবেচার পণ্যে পরিণত হবে।
বিবৃতিতে আরও বলা হয়, আল-আকসা মসজিদে যাওয়ার পথসংলগ্ন এলাকায় ফিলিস্তিনিদের বাড়িঘর দখলের মাধ্যমে পবিত্র স্থাপনা ও এর আশপাশের এলাকার ওপর ইসরায়েলি নিয়ন্ত্রণ আরও জোরদার করার চেষ্টা চলছে।
গভর্নরেটের ভাষ্য অনুযায়ী, এসব পদক্ষেপের মাধ্যমে পুরোনো শহরের জনতাত্ত্বিক কাঠামো পরিবর্তন এবং এর ঐতিহাসিক ও ফিলিস্তিনি পরিচয় মুছে ফেলার পরিকল্পিত প্রচেষ্টা চালানো হচ্ছে।
বিবৃতিতে পুনর্ব্যক্ত করা হয়, পূর্ব জেরুজালেমের পুরোনো শহর ও আল-আকসা মসজিদসহ পুরো পূর্ব জেরুজালেম অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ড। এ অঞ্চলের চরিত্র, জনসংখ্যা কিংবা আইনগত অবস্থান পরিবর্তনের লক্ষ্যে ইসরায়েলের নেওয়া পদক্ষেপ অবৈধ ও বাতিল।
এর আগে ২০২৫ সালের এপ্রিলে জাতিসংঘের মানবাধিকার পরিষদ একটি প্রস্তাব গ্রহণ করে। এতে দখলদার শক্তি হিসেবে ইসরায়েলকে পূর্ব জেরুজালেমে বসতি সম্প্রসারণ, বাড়িঘর উচ্ছেদ এবং ফিলিস্তিনিদের বসবাসের অনুমতি বাতিলসহ অবৈধ কর্মকাণ্ড বন্ধের আহ্বান জানানো হয়।
অধিকৃত পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেমে বর্তমানে প্রায় ৭ লাখ ৫০ হাজার ইসরায়েলি বসতি স্থাপনকারী বসবাস করছেন। সেখানে ১৫৬টি অবৈধ বসতি ও ৩৬০টি বসতি-চৌকি রয়েছে।
সাম্প্রতিক মাসগুলোতে ফিলিস্তিনিরা বাড়িঘর, জমিজমা ও জীবিকার ওপর ধারাবাহিক হামলার শিকার হচ্ছেন। পাশাপাশি জোরপূর্বক উচ্ছেদ ও অবৈধ বসতি সম্প্রসারণের ঘটনাও বেড়েছে।
ফিলিস্তিনের উপনিবেশায়ন ও দেয়াল প্রতিরোধ কমিশনের প্রকাশিত পরিসংখ্যান অনুযায়ী, অক্টোবর মাসে ইসরায়েলি বাহিনী ও বসতি স্থাপনকারীরা ফিলিস্তিনিদের বিরুদ্ধে মোট ৩ হাজার ১৩৩টি হামলা চালিয়েছে। এর মধ্যে ১ হাজার ৭৬৪টি হামলার জন্য ইসরায়েলি বাহিনী এবং ১ হাজার ৩৬৯টি হামলার জন্য বসতি স্থাপনকারীদের দায়ী করা হয়েছে।
২০২৩ সালের অক্টোবর থেকে অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলের সামরিক অভিযান শুরুর পর অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি সামরিক অভিযান ও বসতি স্থাপনকারীদের সহিংসতা ব্যাপকভাবে বেড়েছে।
সূত্র: প্রেস টিভি
কে এই 'শীর্ষ সন্ত্রাসী' সুইডেন আসলাম
দ্বিতীয়বারের মতো জাতীয় গ্রিডে পরীক্ষামূলক বিদ্যুৎ দিলো রূপপুর