জার্মানির ছয় শতাধিক স্কুলে একযোগে বোমা হামলার হুমকি

আপডেট : ২৩ নভেম্বর ২০২৬, ০৮:৪৮ পিএম

জার্মানির বিভিন্ন অঞ্চলে একযোগে বহু স্কুলে বোমা হামলার হুমকি দেওয়া হয়েছে। সোমবার (২৩ নভেম্বর) সকালে ইমেইলের মাধ্যমে এসব হুমকি পাওয়ার পর তদন্তে নেমেছে পুলিশ। তবে প্রাথমিক তদন্তে হুমকিগুলোকে বিশ্বাসযোগ্য মনে করছে না আইনশৃঙ্খলা বাহিনী। পরিস্থিতি বিবেচনায় স্কুলগুলোকে স্বাভাবিক কার্যক্রম চালিয়ে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

জানা গেছে, জার্মানির দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় রাজ্য বাডেন-ভুর্টেমবার্গের ৪০০টিরও বেশি স্কুলে বোমা হামলার হুমকি দেওয়া হয়েছে। এছাড়া স্যাক্সনি-আনহাল্ট রাজ্যের ২৫০টিরও বেশি স্কুলে একই ধরনের হুমকিমূলক ইমেইল পাঠানো হয়েছে। সোমবার সকালে দেশটির আরও কয়েকটি অঞ্চলের স্কুলও এসব হুমকির লক্ষ্যবস্তু হয়েছে।

জার্মানির থুরিঙ্গিয়া রাজ্যের এরফুর্টের পুলিশ প্রথম দিকেই এক বিবৃতিতে জানায়, সকালে একাধিক স্কুলে হামলার হুমকি পাওয়ার পর তারা তদন্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে। জেনা, এরফুর্ট, মুলহাউজেন, জেল্লা-মেলিস, নর্ডহাউজেন, গোথা, রুডলস্টাডট ও গ্রেইজসহ বিভিন্ন শহরের স্কুলে হুমকি দেওয়া হয়েছে।

পুলিশ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, আজ সকালে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে একই ভাষায় লেখা হুমকি পাওয়া গেছে। প্রাথমিক তদন্তে দেখা গেছে, অন্যান্য রাজ্যও এসব হুমকির বার্তার লক্ষ্যবস্তু হয়েছে। হুমকিমূলক ইমেইলগুলোর সম্ভাব্য লেখক বা প্রেরক সম্পর্কে এখনো কোনো তথ্য পাওয়া যায়নি বলে জানিয়েছে পুলিশ। অপরাধমূলক কর্মকাণ্ডের হুমকি দিয়ে জনশান্তি বিঘ্নিত করার অভিযোগে তদন্ত চলছে।

পুলিশ আরও জানায়, বর্তমানে আমরা বোমা হামলার হুমকিগুলোকে গুরুতর বলে ধরে নিচ্ছি না। স্কুলগুলোকে সরিয়ে নেওয়ার কোনো ব্যবস্থা না করে স্বাভাবিক কার্যক্রম চালিয়ে যাওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় ফ্রাইবুর্গের পুলিশ ও উত্তরাঞ্চলের হ্যানোভারের কর্তৃপক্ষও স্কুলগুলোতে ইমেইলের মাধ্যমে বোমা হামলার হুমকি পাওয়ার কথা জানিয়েছে।

জার্মানির উত্তরের প্রতিবেশী ডেনমার্কেও একই ধরনের হুমকির খবর পাওয়া গেছে। দেশটির পুলিশও এসব হুমকিকে বিশ্বাসযোগ্য মনে করছে না। তবে তাদের ভাষ্য, হুমকিগুলো স্কুলগুলোর স্থানীয় পরিবেশে স্বাভাবিকভাবেই উদ্বেগ ও আতঙ্ক তৈরি করছে। জার্মানির স্কুলগুলোতে বোমা হামলার এই হুমকির ঘটনা এমন সময় ঘটলো, যখন চলতি মাসের শুরুতে ইতালির একাধিক স্কুলেও সমন্বিতভাবে বোমা হামলার হুমকি দেওয়া হয়েছিল। পরে সেসব হুমকি ভুয়া বলে প্রমাণিত হয়।

এছাড়া সাম্প্রতিক কয়েক সপ্তাহে ইউরোপজুড়ে বিভিন্ন ধরনের বিশৃঙ্খলা ও নাশকতা সৃষ্টির চেষ্টা দেখা গেছে। একাধিক বাণিজ্যিক বিমান সংস্থাকে বোমা হামলার হুমকি দেওয়া হয়েছে। একই সঙ্গে সুপারমার্কেটের শীতলীকরণ ব্যবস্থা হ্যাক করে বিপুল পরিমাণ খাদ্যপণ্য নষ্ট করার চেষ্টার ঘটনাও ঘটেছে।

সূত্র: ডয়চে ভেলে

জেএম
আরও পড়ুন
সর্বশেষপঠিত