ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সদস্যদের ওপর হামলার ঘটনায় তদন্তে শনাক্ত চার অভিযুক্তের শাস্তির ধরন ও মাত্রা নির্ধারণ করবে বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা পরিষদ। সোমবার (২৩ নভেম্বর) তদন্ত প্রতিবেদন পর্যালোচনা করে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট এ সিদ্ধান্ত নিয়েছে।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম সোমবার (২৩ নভেম্বর) রাতে বিষয়টি নিশ্চিত করে জানান, তদন্ত কমিটির প্রতিবেদনে হামলার ঘটনায় জড়িত হিসেবে চারজনকে শনাক্ত করা হয়েছে। তাদের অপরাধের ধরন বিবেচনা করে শাস্তির মাত্রা নির্ধারণ করবে শৃঙ্খলা পরিষদ। পরে পরিষদের সুপারিশ সিন্ডিকেটে পাঠানো হলে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।
তবে অভিযুক্ত চারজনের নাম তাৎক্ষণিকভাবে জানাতে পারেননি উপাচার্য। এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘এই মুহূর্তে মনে নেই।’
গত ২৩ এপ্রিল শাহবাগ থানার ভেতরে পেশাগত দায়িত্ব পালনের সময় ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সদস্যদের ওপর হামলার ঘটনা ঘটে। অভিযোগ রয়েছে, এ সময় ছাত্রদলের নেতাকর্মীরা সাংবাদিকদের ওপর অতর্কিত হামলা চালান। ঘটনার পর জড়িতদের বিরুদ্ধে মামলা করতে শাহবাগ থানায় গেলে পুলিশ মামলা নেয়নি বলে অভিযোগ করেন ভুক্তভোগী সাংবাদিকেরা।
ঘটনার পর বিশ্ববিদ্যালয় প্রশাসন একটি তদন্ত কমিটি গঠন করে। প্রায় পাঁচ মাস তদন্তের পর গত ৬ অক্টোবর প্রশাসনের কাছে প্রতিবেদন জমা দেয় কমিটি। সোমবারের সিন্ডিকেট সভায় সেই প্রতিবেদন পর্যালোচনা করা হয়।
উপাচার্যের সভাপতিত্বে বিকেল ৫টায় শুরু হওয়া সভা চলে রাত ১১টা পর্যন্ত। এতে বিশ্ববিদ্যালয়ের দুই উপ-উপাচার্যসহ সিন্ডিকেটের অন্য সদস্যরা অংশ নেন।
বিশ্ববিদ্যালয়ের অবস্থান তুলে ধরে উপাচার্য বলেন, ‘অপরাধী যেই হোক না কেন, অপরাধীকে অপরাধী হিসেবে দেখতে হবে। বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা বজায় রাখতে আমরা বদ্ধপরিকর।’
হাসিনা বাংলাদেশে ফিরলেই চিন্ময় কৃষ্ণকে মুক্ত করার উদ্যোগ
মাইন বিস্ফোরণে তিন তেলবাহী ট্যাংকারে আগুন