যুক্তরাষ্ট্রে মৃত্যুদণ্ডের পক্ষে নিজের অবস্থান আরও জোরালোভাবে তুলে ধরেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউজমের সমালোচনা করে ফেডারেল মৃত্যুদণ্ড কার্যকরের প্রক্রিয়া দ্রুত করার নির্দেশ দিয়েছেন তিনি।
সোমবার (২৩ নভেম্বর) ওয়াশিংটন ডিসিতে মার্কিন বিচার বিভাগের এক অনুষ্ঠানে ট্রাম্প এসব কথা বলেন। এ সময় তাঁর সঙ্গে ছিলেন অ্যাটর্নি জেনারেল টড ব্ল্যাঞ্চ এবং অপরাধের শিকার ব্যক্তিদের পরিবারের সদস্যরা।
মৃত্যুদণ্ডের পক্ষে বক্তব্য দিতে গিয়ে ট্রাম্প বলেন, গুরুতর অপরাধের জন্য সর্বোচ্চ শাস্তিই প্রাপ্য। তাঁর মতে, ইতিহাসের প্রায় সব সমাজেই মৃত্যুদণ্ডের প্রচলন ছিল। ট্রাম্প বলেন, তাঁর প্রশাসন মৃত্যুদণ্ডের ব্যবস্থা আবার কার্যকর করছে এবং ন্যায়বিচার প্রতিষ্ঠার প্রচেষ্টা থেকে সরে আসবে না।
অনুষ্ঠান শেষে একটি প্রেসিডেনশিয়াল নির্দেশনায় স্বাক্ষর করেন ট্রাম্প। এতে শিশু হত্যা এবং ধর্ষণ ও মানব পাচারের সঙ্গে সংশ্লিষ্ট হত্যার মামলায় বিচার বিভাগকে মৃত্যুদণ্ড চাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি ফেডারেল মৃত্যুদণ্ডপ্রাপ্ত বন্দিদের সাজা কার্যকরের প্রক্রিয়া দ্রুত করতে অ্যাটর্নি জেনারেলকে নির্দেশ দেওয়া হয়েছে।
এ ছাড়া যুক্তরাষ্ট্রে মৃত্যুদণ্ডের বিধান আরও শক্তিশালী করতে রিপাবলিকান কংগ্রেস সদস্য ব্র্যান্ডন গিলের পৃষ্ঠপোষকতায় উত্থাপিত ‘জাস্ট পানিশমেন্ট ফর মার্ডার অ্যাক্ট’ পাস করতে কংগ্রেসের প্রতি আহ্বান জানান ট্রাম্প।
নিউজমের সিদ্ধান্ত নিয়ে ট্রাম্পের সমালোচনা
অনুষ্ঠানে বক্তব্যের বড় অংশজুড়ে ক্যালিফোর্নিয়ার ডেমোক্র্যাট গভর্নর গ্যাভিন নিউজমের সমালোচনা করেন ট্রাম্প। ২০২৮ সালের প্রেসিডেন্ট নির্বাচনে সম্ভাব্য ডেমোক্র্যাট প্রার্থী হিসেবে আলোচনায় থাকা নিউজমের গভর্নর হিসেবে দ্বিতীয় মেয়াদ আগামী ৪ জানুয়ারি শেষ হওয়ার কথা। মেয়াদসীমার কারণে ২০২৬ সালের মধ্যবর্তী নির্বাচনে তিনি আবার গভর্নর পদে প্রার্থী হতে পারেননি।
নিউজমের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে কেন্দ্র করেই মূলত ট্রাম্পের এই সমালোচনা। গত ৫ নভেম্বর মধ্যবর্তী নির্বাচনের দুই দিন পর নিউজম ঘোষণা দেন, ক্যালিফোর্নিয়ায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত ৫৪৮ জনের সাজা কমিয়ে প্যারোলের সুযোগ ছাড়া যাবজ্জীবন কারাদণ্ড করা হবে।
২০১৯ সালে দায়িত্ব নেওয়ার পর রাজ্যটিতে মৃত্যুদণ্ড কার্যকরের ওপর যে স্থগিতাদেশ দিয়েছিলেন, এই সিদ্ধান্তকে তারই ধারাবাহিকতা হিসেবে উল্লেখ করেন নিউজম। এক খোলা চিঠিতে তিনি বলেন, মৃত্যুদণ্ড কার্যকরের তদারকি করলে নিজের নৈতিক বিশ্বাসের সঙ্গে আপস করা হতো।
তবে ওই বন্দিরা যেসব গুরুতর অপরাধ করেছেন, সেগুলোর ক্ষতির বিষয়টিও স্বীকার করেন তিনি। নিউজমের ভাষ্য, অনেক ক্যালিফোর্নিয়াবাসী মনে করেন নৃশংস অপরাধের জন্য দায়ী ব্যক্তিদের মৃত্যুদণ্ড হওয়া উচিত। কিন্তু গভর্নর হিসেবে তিনি মনে করেন, নৈতিকভাবে রাষ্ট্রের কাউকে হত্যা করা উচিত নয়।
নিউজম আরও বলেন, অপরাধীদের পরিণতির চেয়ে ভুক্তভোগীদের স্মৃতি ও তাঁদের পরিবারের প্রতি সম্মানকে বেশি গুরুত্ব দেওয়া উচিত।
অন্যদিকে, ট্রাম্প নিউজমের এই সিদ্ধান্তকে অপরাধীদের ন্যায়বিচার থেকে রেহাই দেওয়ার চেষ্টা হিসেবে তুলে ধরেন। তিনি বলেন, সরকারের ভুল সিদ্ধান্ত ও রাজনৈতিক ব্যবস্থার কারণে ভুক্তভোগীদের পরিবার ন্যায়বিচার পাওয়ার শেষ সুযোগটুকুও হারিয়েছে।
অনুষ্ঠানে কয়েকজন ভুক্তভোগীর পরিবারের সদস্যকে বক্তব্য দেওয়ার জন্য মঞ্চে আমন্ত্রণ জানান ট্রাম্প। আট বছর বয়সে হত্যার শিকার মাইকেল লায়ন্সের মা সান্দ্রা ফ্রেন্ড নিউজমের সিদ্ধান্তের সমালোচনা করে বলেন, এতে তাঁদের পরিবারের একমাত্র ন্যায়বিচারের প্রত্যাশা কেড়ে নেওয়া হয়েছে।
তবে নিউজমের সিদ্ধান্তের পক্ষে থাকা কয়েকটি পরিবারের বক্তব্যও প্রকাশ করা হয়। হত্যার শিকার পলি ক্লাসের বোন জেস নিকল বলেন, ভুক্তভোগীদের পরিবার যখন মৃত্যুদণ্ডের প্রশ্নে বিভক্ত, তখন প্রতিশোধকে ন্যায়বিচারের একমাত্র পথ হিসেবে দেখা উচিত নয়।
তাঁর মতে, ভুক্তভোগীদের পরিবারকে কাউন্সেলিং, চিকিৎসাসেবা ও আর্থিক সহায়তা দেওয়ার পাশাপাশি এমন বিচারব্যবস্থা প্রয়োজন, যা তাঁদের স্বাভাবিক জীবনে ফিরতে সহায়তা করবে।
মৃত্যুদণ্ডের পক্ষে জনসমর্থন কমছে
ট্রাম্প ও নিউজমের পাল্টাপাল্টি অবস্থানের মধ্যে যুক্তরাষ্ট্রে মৃত্যুদণ্ডের প্রতি জনসমর্থন কমার বিষয়টিও আলোচনায় এসেছে। গ্যালাপের নভেম্বরের এক জরিপে দেখা গেছে, দেশটির ৪৯ শতাংশ প্রাপ্তবয়স্ক নাগরিক মৃত্যুদণ্ড সমর্থন করেন। ১৯৭১ সালের পর এটিই সর্বনিম্ন হার বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
মৃত্যুদণ্ডের বিরোধীরা প্রায়ই এ শাস্তি কার্যকরের সময় ভুলত্রুটি এবং নির্দোষ ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর হওয়ার ঝুঁকির কথা তুলে ধরেন। ডেথ পেনাল্টি ইনফরমেশন সেন্টারের তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্রে মৃত্যুদণ্ডপ্রাপ্ত প্রায় ২০২ জন পরে নির্দোষ প্রমাণিত হয়েছেন। সংস্থাটির হিসাবে, দেশটিতে প্রতি আটজনের মৃত্যুদণ্ড কার্যকরের বিপরীতে একজনের ক্ষেত্রে পরে নির্দোষ হওয়ার তথ্য পাওয়া গেছে।
মৃত্যুদণ্ডের মামলায় সাধারণত দীর্ঘ আইনি লড়াই চলে এবং ব্যয়ও বেশি হয়।
নিউজমের সিদ্ধান্তের আগে ক্যালিফোর্নিয়ায় পশ্চিম গোলার্ধের সবচেয়ে বড় মৃত্যুদণ্ডপ্রাপ্ত বন্দিদের তালিকা ছিল। দেশটির মোট মৃত্যুদণ্ডের প্রায় এক-চতুর্থাংশই ছিল এ রাজ্যে।
নিউজমের উত্তরসূরি হিসেবে নির্বাচিত জেভিয়ার বেসেরাও দায়িত্ব নেওয়ার পর মৃত্যুদণ্ড কার্যকরের ওপর স্থগিতাদেশ অব্যাহত রাখার প্রতিশ্রুতি দিয়েছেন। ফলে মৃত্যুদণ্ডের পরিধি বাড়ানোর বিষয়ে ট্রাম্প প্রশাসনের অবস্থানের সঙ্গে ক্যালিফোর্নিয়ার নীতির বিরোধ তৈরি হয়েছে।
মৃত্যুদণ্ড কার্যকরের পরিধি বাড়াতে ট্রাম্পের উদ্যোগ
২০২৫ সালের ২০ জানুয়ারি দ্বিতীয় মেয়াদে দায়িত্ব নেওয়ার পর থেকেই মৃত্যুদণ্ড পুনর্বহাল ও সম্প্রসারণের উদ্যোগ নিয়েছেন ট্রাম্প। দায়িত্ব গ্রহণের প্রথম দিনেই এ বিষয়ে একটি নির্বাহী আদেশে স্বাক্ষর করেন তিনি।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য হত্যার ঘটনায় মৃত্যুদণ্ডকে প্রধান শাস্তি হিসেবে প্রতিষ্ঠা এবং অনিবন্ধিত অভিবাসীদের বিরুদ্ধে হত্যা মামলায় এ শাস্তির প্রয়োগের পক্ষেও অবস্থান নেন তিনি।
গত এপ্রিলে ট্রাম্প প্রশাসন ফেডারেল মৃত্যুদণ্ড কার্যকরের পদ্ধতির পরিধি বাড়ানোর কথা জানায়। এর মধ্যে ফায়ারিং স্কোয়াডের মতো পদ্ধতিও অন্তর্ভুক্ত ছিল।
অক্টোবরে প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ ফোর্ট হুডে হামলার ঘটনায় দণ্ডিত নাদাল হাসানের মৃত্যুদণ্ড ফায়ারিং স্কোয়াডের মাধ্যমে কার্যকরের দৃশ্য সরাসরি সম্প্রচারের ঘোষণা দেন। এ নিয়ে সমালোচনা শুরু হলে ট্রাম্প পরে সেই ঘোষণা থেকে সরে আসেন। হাসান হুইলচেয়ারে চলাফেরা করেন—এ তথ্য ট্রাম্প আগে জানতেন না বলে সে সময় বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়।
ট্রাম্পের প্রথম মেয়াদে ১৩ জনের ফেডারেল মৃত্যুদণ্ড কার্যকর হয়েছিল, যা কয়েক দশকের মধ্যে কোনো মার্কিন প্রেসিডেন্টের সময়ে সর্বোচ্চ সংখ্যা। সোমবারের বক্তব্যে তিনি মৃত্যুদণ্ডকে সাধারণ বিবেচনাবোধের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ শাস্তি হিসেবে তুলে ধরেন।
ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্রের মানুষের জীবন ও নিরাপত্তা রক্ষার প্রশ্নে কোনো আপস করা যাবে না।
সূত্র: আল-জাজিরা
কলম্বিয়ার পুলিশ ঘাঁটিতে ড্রোন হামলা
'বিপুল বিস্ফোরক' ধ্বংসের কার্যক্রম স্থগিত করলেন ট্রাম্প
যুক্তরাষ্ট্রের চাপে আইসিসি থেকে বেরিয়ে যাচ্ছে তাজিকিস্তান