এ বছর সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যজুড়ে ঈদুল আজহা উদযাপিত হবে আগামী ৬ জুন (শুক্রবার)। কারণ জ্যোতির্বৈজ্ঞানিক হিসাব অনুযায়ী দেশগুলোতে আসন্ন ঈদুল আজহা ৬ জুন শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। আর আরাফাহ দিবস হবে তার একদিন আগে, অর্থাৎ ৫ জুন।
বুধবার (৩০ এপ্রিল) মধ্যপ্রাচ্যের জ্যোতির্বিদদের বরাতে এ তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম আল আরাবিয়া। তবে এই তারিখই আনুষ্ঠানিক নয়। ঈদের চূড়ান্ত তারিখ নির্ধারণের জন্য ইসলামিক দেশগুলোর চাঁদ দেখা কমিটি জিলকদ মাসের ২৯তম দিনে বৈঠকে বসবে।
প্রতিবেদন অনুযায়ী, এমিরেটস অ্যাস্ট্রোনমি সোসাইটির চেয়ারম্যান ইব্রাহিম আল-জারওয়ান জানিয়েছেন, জিলহজ মাসের চাঁদ আগামী ২৭ মে (মঙ্গলবার) সন্ধ্যায় দেখা যাওয়ার সম্ভাবনা রয়েছে। যদি এটি নিশ্চিত হয়, তাহলে ২৮ মে (বুধবার) হবে জিলহজ মাসের প্রথম দিন। এই হিসাবে ১০ জিলহজ অর্থাৎ ঈদুল আজহা পড়বে ৬ জুন শুক্রবারে।
এদিকে সংযুক্ত আরব আমিরাতের মন্ত্রিসভা ইতোমধ্যেই ঈদুল আজহা উপলক্ষ্যে সরকারি ছুটি অনুমোদন করেছে। তাদের মতে, ৫ জুন (বৃহস্পতিবার) আরাফাহ দিবস। ৬ জুন থেকে ৮ জুন (শুক্র-রোববার) ঈদুল আজহার তিন দিনের ছুটি।
আর এ ছুটি সরকারি ও বেসরকারি উভয় খাতের জন্যই প্রযোজ্য বলে উল্লেখ করেছে।
মূলত, ঈদুল আজহা হজের পরবর্তী দিন পালিত হয়। এ সময় বিশ্বের কোটি কোটি মুসলমান পবিত্র নগরী মক্কায় হজব্রত পালন করেন।

