২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত ৩০৮

আপডেট : ১০ অক্টোবর ২০২৫, ০৪:৫৯ পিএম

সারা দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ৩০৮ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। তবে এ সময়ে নতুন কোনো মৃত্যু হয়নি। ফলে ডেঙ্গুতে এ বছর মোট মৃতের সংখ্যা ২২৪ জনেই অপরিবর্তিত রয়েছে।

শুক্রবার (১০ অক্টোবর) সকালে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হওয়া ৩০৮ জন রোগীর মধ্যে বরিশাল বিভাগে ১১৫ জন, চট্টগ্রাম বিভাগে ৮৫ জন, ঢাকা উত্তর সিটিতে ৪৭ জন, ঢাকা দক্ষিণ সিটিতে ৪০ জন এবং ময়মনসিংহ বিভাগে ২১ জন রোগী ভর্তি হয়েছেন। চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১০ অক্টোবর পর্যন্ত মোট ৫৩,১৯৩ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

অন্যদিকে, গত ২৪ ঘণ্টায় ৩১০ জন রোগী চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। এ নিয়ে বছরজুড়ে মোট ৫০,৫১৯ জন রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, পরিস্থিতি সতর্কতার সঙ্গে পর্যবেক্ষণ করা হচ্ছে এবং ডেঙ্গু নিয়ন্ত্রণে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

DR/MMS
আরও পড়ুন