হাদির কবরে শ্রদ্ধা জানাতে ছাত্র-জনতার ভিড়

আপডেট : ২১ ডিসেম্বর ২০২৫, ০১:৪৯ পিএম

জুলাই গণ-অভ্যুত্থানের যোদ্ধা এবং ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদির কবরে শ্রদ্ধা জানাতে ঢল নেমেছে সর্বস্তরের মানুষের। রোববার (২১ ডিসেম্বর) সকাল থেকেই ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদ সংলগ্ন জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধিসৌধের পাশে হাদির নবনির্মিত কবরে ভিড় জমাচ্ছেন ছাত্র-জনতা।

সরেজমিনে দেখা যায়, কেউ একা, আবার কেউ পরিবার নিয়ে দূর-দূরান্ত থেকে এসেছেন বিপ্লবীর শেষ বিদায়ের স্থানটি দেখতে। কবরের পাশে দাঁড়িয়ে অনেকেই নীরবে অশ্রু বিসর্জন দিচ্ছেন, কেউবা হাত তুলে দোয়া করছেন। দর্শনার্থীদের চোখে-মুখে একদিকে যেমন শোকের ছায়া, অন্যদিকে খুনিদের প্রতি তীব্র ক্ষোভ ও বিচারহীনতার বিরুদ্ধে দাবি স্পষ্ট।

মিরপুর থেকে আসা বেসরকারি চাকরিজীবী আব্দুল আহাদ বলেন, ‘শহীদের রক্তে কেনা এই বাংলাদেশে কোনো আধিপত্যবাদী শক্তির জায়গা হবে না। ভারত কেন খুনিদের আশ্রয় দিচ্ছে? খুনিদের দ্রুত দেশে ফিরিয়ে এনে দৃষ্টান্তমূলক বিচার করতে হবে।’ দর্শনার্থীরা জানান, হাদির এই আত্মত্যাগ বৃথা যেতে দেওয়া হবে না।

গত ১২ ডিসেম্বর বিজয়নগরে নির্বাচনি প্রচারের সময় সন্ত্রাসীদের গুলিতে গুরুতর আহত হন ওসমান হাদি। সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় গত বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) তিনি শাহাদাতবরণ করেন। শনিবার (২০ ডিসেম্বর) লাখো মানুষের জানাজা শেষে তাকে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে সমাহিত করা হয়।

DR/SN
আরও পড়ুন