চাঁদপুরে নবীন আইনজীবীদের সংবর্ধনা

আপডেট : ২৫ মার্চ ২০২৬, ১০:৪৮ এএম

চাঁদপুর জেলায় ২০২৬ ব্যাচের নবীন আইনজীবীদের বরণ, গাউন বিতরণ ও সংবর্ধনা প্রদান করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী চাঁদপুর আইনজীবী বিভাগ। গত মঙ্গলবার (২৪ মার্চ) সকালে শহরের চেয়ারম্যানঘাটস্থ ইউরেশিয়া চাইনিজ রেস্টুরেন্টের কনভেনশন হলে এই বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের আমির মাওলানা বিল্লাল হোসেন মিয়াজী। তিনি নবীন আইনজীবীদের উদ্দেশে পেশাগত সততা ও আচরণের ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, আপনাদের কাজের মাধ্যমে কোনো বিচারপ্রার্থী যেন কষ্ট না পায়, সেদিকে সর্বদা সতর্ক থাকতে হবে। আইনজীবীদের জন্য সততা এবং মার্জিত ব্যবহারই হলো আসল মূলধন।

মাওলানা মিয়াজী পবিত্র কুরআনের আয়াতের উদ্ধৃতি দিয়ে আইনজীবীদের সতর্ক করে বলেন, ‘তোমরা জেনে-বুঝে সত্যের সঙ্গে মিথ্যার মিশ্রণ ঘটাবে না।’ একজন ব্যবসায়ীর জন্য যেমন সততা মূলধন, ঠিক তেমনি আইনি পেশায় সত্যকে সত্য হিসেবে বিচারকের সামনে উপস্থাপন করা একজন সফল আইনজীবীর প্রধান বৈশিষ্ট্য হওয়া উচিত বলে তিনি মন্তব্য করেন।

জামায়াতের আইনজীবী বিভাগের সভাপতি অ্যাডভোকেট মো. মামুন হোসেন মিয়াজীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা জামায়াতের নায়েবে আমির অ্যাডভোকেট মাসুদুল ইসলাম বুলবুল, সেক্রেটারি মো. শাহজাহান মিয়া এবং শহর আমির মো. শাহজাহান খান। এছাড়া সিনিয়র আইনজীবী আবুল খায়ের মো. সালেহ ও আবদুল কাদের খান অনুষ্ঠানে গুরুত্বপূর্ণ পরামর্শ প্রদান করেন।

অনুষ্ঠানের শুরুতে জেলা জামায়াতের নেতৃবৃন্দ নবীন ৭৩ জন আইনজীবীর প্রত্যেকের হাতে ফুল এবং পেশাগত পোশাক হিসেবে গাউন তুলে দেন। জেলা জামায়াতের সহ-সভাপতি মহিউদ্দিন ফাহাদ ও কোষাধ্যক্ষ মো. শফিকুল ইসলাম রনি যৌথভাবে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।

নবীন আইনজীবীদের পক্ষ থেকে অনুভূতি ব্যক্ত করেন অ্যাডভোকেট আবু বকর খান, তাজুল ইসলাম সোহাগ ও শাহিদা আক্তার। তারা সাধারণ মানুষের আইনি অধিকার প্রতিষ্ঠায় নিষ্ঠার সঙ্গে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। উল্লেখ্য, এ বছর চাঁদপুর জেলায় মোট ৭৩ জন পরীক্ষার্থী আইনজীবী হিসেবে উত্তীর্ণ হয়ে সনদপ্রাপ্ত হয়েছেন।

SN
আরও পড়ুন