ঝালকাঠিতে বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ৪

আপডেট : ৩১ জুলাই ২০২৬, ১২:১৬ এএম

ঝালকাঠির রাজাপুর উপজেলায় যাত্রীবাহী বাস ও সিএনজিচালিত থ্রি-হুইলারের মুখোমুখি সংঘর্ষে দুই যাত্রী নিহত এবং আরো চারজন আহত হয়েছেন।

 

বৃহস্পতিবার (৩০ জুলাই) রাত ১০টার দিকে এ সড়ক দুর্ঘটনা ঘটে।

 

পুলিশ জানায়, ‘বরিশাল এক্সপ্রেস’ নামের একটি যাত্রীবাহী বাস ঢাকার উদ্দেশ্যে যাচ্ছিল। অন্যদিকে বরিশাল থেকে যাত্রী নিয়ে ভান্ডারিয়া উপজেলার দিকে যাচ্ছিল একটি সিএনজিচালিত থ্রি-হুইলার। পথে রাজাপুরের সমবায় এলাকায় পৌঁছালে বাস ও থ্রি-হুইলারের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই থ্রি-হুইলারের দুই যাত্রী নিহত হন। 

 

তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি। দুর্ঘটনার পর চালক বাসটিকে নিয়ে ঘটনাস্থল থেকে দ্রুত পালিয়ে যায়।

 

রাজাপুর থানার ওসি (তদন্ত) ফিরোজ কামাল জানান, খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে নিহতদের লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। আহত চারজনকে উদ্ধার করে রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। 

 

তিনি আরো জানান, দুর্ঘটনার কারণ ও পালিয়ে যাওয়া বাসটিকে শনাক্ত করতে কাজ করছে পুলিশ।

HN
আরও পড়ুন