সারাদেশে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান’ দিবস পালিত

আপডেট : ০৫ আগস্ট ২০২৬, ০৪:২০ পিএম

জুলাই গণঅভ্যুত্থানের দুই বছর পূর্তি উপলক্ষে নানা কর্মসূচির মধ্য দিয়ে সারাদেশে পালিত হচ্ছে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ ২০২৬। দিবসটি ঘিরে দেশের বিভিন্ন স্থানে আলোচনা সভা, দোয়া মাহফিল, র‌্যালি, স্মরণসভাসহ নানা কর্মসূচির আয়োজন করা হয়েছে। এসব কর্মসূচিতে জুলাই গণঅভ্যুত্থানে নিহত ও আহতদের স্মরণ এবং তাঁদের অবদানের প্রতি শ্রদ্ধা জানানো হচ্ছে। প্রতিনিধিদের পাঠানো সংবাদ

চুয়াডাঙ্গা :

চুয়াডাঙ্গায় যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হয়েছে জুলাই গণঅভ্যুত্থান দিবস। 

সকাল সাড়ে ৯টায় চুয়াডাঙ্গা শহরের শহীদ হাসান চত্বরের ‘জুলাই স্মৃতিস্তম্ভে’পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে দিবসের সুচনা করা হয়। জেলা প্রশাসন, জেলা পুলিশসহ জেলার সকল সরকারি দপ্তরের কর্মকর্তারা জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পমাল্য অর্পণ করে জুলাই অভ্যুত্থানের বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান। 

পুষ্পস্তবক অর্পণ শেষে জুলাই গণঅভ্যুত্থানে আত্মত্যাগকারী সকল শহীদের আত্মার মাগফিরাত ও আহতদের দ্রুত সুস্থতা কামনা করে এক বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন চুয়াডাঙ্গা কালেক্টরেট মসজিদের পেশ ইমাম কবীর আহমেদ।

পরবর্তীতে 'জুলাই চেতনায় গড়বো দেশ, সবার আগে বাংলাদেশে' এই প্রতিপাদ্য জেলা প্রশাসকের কার্যালয়ের ‘ডিসি সাহিত্য মঞ্চে’ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

কটিয়াদী:

​‘জুলাই চেতনায় গড়বো দেশ—সবার আগে বাংলাদেশ’ এই স্লোগানকে সামনে রেখে কিশোরগঞ্জের কটিয়াদীতে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস  উপলক্ষে জুলাই যোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

দুপুরে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসনের আয়োজনে এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।​ উপজেলা নির্বাহী অফিসার শামীমা আফরোজ মারলিজ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) আসনের সংসদ সদস্য এডভোকেট মো: জালাল উদ্দিন।

আলোচনা সভায় বক্তারা জুলাই গণঅভ্যুত্থানের ঐতিহাসিক প্রেক্ষাপট ও শহিদদের অবদান গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন। পাশাপাশি জুলাইয়ের চেতনায় উদ্বুদ্ধ হয়ে একটি বৈষম্যহীন, সুন্দর ও সমৃদ্ধ দেশ গড়ে তোলার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। পরে উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে অংশগ্রহণকারী জুলাই যোদ্ধাদের হাতে সংবর্ধনা স্মারক ও সম্মাননা তুলে দেওয়া হয়।

বরগুনা :

যথাযোগ্য মর্যাদা ও নানা কর্মসূচির মধ্য দিয়ে বরগুনায় পালিত হয়েছে জুলাই গণঅভ্যুত্থান দিবস। 

দিবসটি উপলক্ষে সকালে বরগুনা সার্কিট হাউস মাঠে অবস্থিত জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে কর্মসূচির সূচনা করা হয়।

জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের প্রতি প্রথমে শ্রদ্ধা নিবেদন করেন বরগুনার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মিজ তাছলিমা আক্তারসহ বিভিন্ন রাজনৈতিক, স্বেচ্ছাসেবী, সামাজিক সংগঠন। 

পরে জেলা প্রশাসনের আয়োজনে বরগুনা শিল্পকলা একাডেমি মিলনায়তনে জুলাই শহীদ পরিবারের সদস্য ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা দেওয়া হয়। এ উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে জেলা প্রশাসকসহ জেলা পর্যায়ের বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জুলাই শহীদ পরিবারের সদস্য এবং জুলাই যোদ্ধারা উপস্থিত ছিলেন। 

বক্তারা জুলাই গণঅভ্যুত্থানে আত্মোৎসর্গকারী শহীদদের অবদান শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তারা গণঅভ্যুত্থানের চেতনায় বৈষম্যহীন, ন্যায়ভিত্তিক ও মানবিক সমাজ প্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ করেন।

দিবসটি উপলক্ষে সারাদেশের কর্মসূচির সঙ্গে মিল রেখে বরগুনায় আলোচনা সভা, স্মৃতিচারণ, দোয়া মাহফিল, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ সপ্তাহব্যাপী বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে জেলা প্রশাসন।

কর্মসূচির অংশ হিসেবে বিকেল ৪টায় জেলা ক্রীড়া সংস্থা ও সরকারি শিশু পরিবারের মধ্যে একটি প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হবে। এছাড়া শিশুদের বিনোদনের বিষয়টি বিবেচনায় নিয়ে দিবস উপলক্ষে বরগুনার ‘সুরঞ্জনা পার্ক’ ও ‘ফান ওয়ার্ল্ড পার্ক’ একদিনের জন্য শিশুদের জন্য বিনামূল্যে উন্মুক্ত রাখা হয়েছে।

সাতক্ষীরা:

যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে সাতক্ষীরায় শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছে জেলা প্রশাসন ও জেলা পুলিশ ।

সকাল ৯টায় সাতক্ষীরা জুলাই স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে এ শ্রদ্ধা জানান জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তারা।

শ্রদ্ধাঞ্জলি অর্পণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সাতক্ষীরার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মির্জা কাউসার আজিজ, জেলা পুলিশ সুপার আবু সালেহ মো আশরাফুল আলম,  জেলা পরিষদ প্রশাসক হাবিবুল ইসলাম হাবিব, জেলা বি এনপির আহবায়ক  রহমতুল্লাহ পলাশ সহ জেলা  জামায়াত ইসলামী, স্বাস্থ্য বিভাগসহ বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তর, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধিবৃন্দ।


পুষ্পস্তবক অর্পণ শেষে শহীদদের স্মৃতির প্রতি সম্মান জানিয়ে কিছু সময় নীরবতা পালন করা হয় এবং তাঁদের আত্মার মাগফিরাত ও শান্তি কামনা করা হয়।পরে জেলা শিল্পকলা একাডেমিতে শহীদের উপরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

রাঙামাটি :

জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে রাঙামাটিতে বীর শহীদদের স্মরণে নানা কর্মসূচির মধ্য দিয়ে গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। 

দিবসটি উপলক্ষে সকালে শহরের শহীদ মিনার এলাকায় অবস্থিত জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন জনপ্রতিনিধি, জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং সর্বস্তরের সাধারণ মানুষ।

পার্বত্য চট্টগ্রামের ২৯৯ নম্বর রাঙামাটি সংসদীয় আসনের সংসদ সদস্য ও সাবেক পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট দীপেন দেওয়ানের নেতৃত্বে অনুষ্ঠিত এ শ্রদ্ধাঞ্জলি কর্মসূচিতে রাঙামাটির জেলা প্রশাসক নাজমা আসরাফি,  পুলিশ সুপার মুহাম্মদ আব্দুর রকিব- বিপিএম (সেবা), অতিরিক্ত জেলা প্রশাসক রুহুল আমিন, রাঙামাটি প্রেসক্লাবের সভাপতিসহ জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের পাশাপাশি সরকারী-বেসরকারি অফিসের ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশগ্রহণ করেন। 

প্রথমে জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। পরে এক মিনিট নীরবতা পালন করে জুলাই গণঅভ্যুত্থানে আত্মোৎসর্গকারী বীর শহীদদের স্মৃতির প্রতি সম্মান জানানো হয়। এ সময় উপস্থিত সকলে শহীদদের আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং তাঁদের আদর্শ ধারণ করে দেশ গঠনের প্রত্যয় ব্যক্ত করেন।

শ্রদ্ধা নিবেদন শেষে বক্তারা বলেন, জুলাই গণঅভ্যুত্থান বাংলাদেশের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। এ আন্দোলনে আত্মোৎসর্গকারী শহীদদের ত্যাগ জাতির গণতান্ত্রিক অগ্রযাত্রা, ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং মানুষের অধিকার আদায়ের সংগ্রামে চিরকাল অনুপ্রেরণা জোগাবে। তাঁদের আত্মদান দেশের ইতিহাসে গৌরবের সঙ্গে স্মরণীয় হয়ে থাকবে।

ঝিনাইদহ :

ঝিনাইদহে নানা কর্মসূচীর মধ্য দিয়ে পালিত হয়েছে জুলাই গণঅভ্যুত্থান দিবস। 

সকালে এ উপলক্ষে কেন্দ্রীয় শহীদ মিনার চত্বর থেকে একটি র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে কেমব্রীজ একাডেমীর সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে জুলাই শহিদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করা হয়। 

প্রথমে রাষ্ট্রের পক্ষে জেলা প্রশাসক মো. নোমান হোসেন শ্রদ্ধা নিবেদন করেন। পরে শহিদদের পরিবার, পুলিশ বিভাগ, জেলা পরিষদ, সিভিল সার্জন অফিস, বিআরটিএসহ সরকারি-বেসরকারি, সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়।
সেসময় শহীদদের আত্মত্যাগের যথাযথ মূল্যায়ন, জুলাইয়ের চেতনা বাস্তবায়ন এবং হত্যাকা-ের সঙ্গে জড়িতদের দ্রুত বিচারের দাবি জানান স্বজনরা।

টাঙ্গাইল :

মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (মাভাবিপ্রবি) জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে আনন্দ র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। 

সকাল ১০ টা ৫ মিনিটে প্রশাসনিক ভবনের সামনে বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. এবিএম শহিদুল ইসলাম প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক আনিছুর রহমানকে সাথে নিয়ে আনন্দ র‌্যালির উদ্বোধন করেন। র‌্যালিটি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ১২-তলা একাডেমিক ভবনের সামনে শেষ হয়। র‌্যালিতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ অংশগ্রহণ করেন। 

খাগড়াছড়ি :

জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে বীর শহীদদের স্মরণে খাগড়াছড়িতে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বাদ জোহর খাগড়াছড়ি বাইতুল করিম মাদ্রাসা ও এতিমখানা প্রাঙ্গণে এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য মো. মাহবুব আলম এই আয়োজন করেন। এতে দোয়া মোনাজাত করেন, বায়তুল করিম মাদ্রাসার সুরা কমিটির সদস্য মাওলানা দেলোয়ার হোসেন, জুলাই যোদ্ধা রাকিব মণি ইফতি,মাদ্রাসার উপদেষ্টা সোয়েব খান,ইসলামী আন্দোলন বাংলাদেশ এর খাগড়াছড়ি জেলা সিনিয়র সহ-সভাপতি আরিফ,সাধারণ সম্পাদক মাওলানা কাউছার আজিজী।

অনুষ্ঠানে জুলাই গণঅভ্যুত্থানে আত্মোৎসর্গকারী সকল শহীদের রুহের মাগফিরাত কামনা এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। এতে স্থানীয় বিভিন্ন স্তরের ব্যক্তিবর্গ, মাদ্রাসার শিক্ষক, শিক্ষার্থী ও আহত জুলাই যোদ্ধারা উপস্থিত ছিলেন।

MCH
আরও পড়ুন
সর্বশেষপঠিত