লক্ষ্মীপুর কারাগারে সাজাপ্রাপ্ত কয়েদির মৃত্যু

আপডেট : ০৫ এপ্রিল ২০২৪, ১২:১৮ পিএম

লক্ষ্মীপুর জেলা কারাগারে বেলায়েত হোসেন ভূঁইয়া (৭০) নামে এক কয়েদির মৃত্যু হয়েছে। কারা কর্তৃপক্ষের বরাতে জানা যায়, তিনি নিজের পালক পুত্র হত্যা মামলায় ১০ বছরের সাজাপ্রাপ্ত আসামি ছিলেন। বৃহস্পতিবার (৪ এপ্রিল) রাত পোনে ৯টার দিকে কারাগার থেকে মুমূর্ষ অবস্থায় সদর হাসপাতালে আনা হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

নিহত বেলায়েত হোসেন ভূঁইয়া জেলার রায়পুর উপজেলার মধুপুর গ্রামের হেদায়েত উল্যা ভূঁইয়ার ছেলে। 

জেলা কারাগার সূত্রে জানা যায়, কয়েদি বেলায়েত হোসেন ভূঁইয়া নিজের পালিত পুত্রকে হত্যা মামলায় ১০ বছরের সাজাপ্রাপ্ত হন। গত ২০২২ সালের ১৪ সেপ্টেম্বর তাকে জেলা কারাগারে পাঠায় আদালত। 

জেলা কারাগারের ডেপুটি জেলার  শাখাওয়াত হোসেন জানান, কয়েদি বেলায়েত হোসেন ভূঁইয়া দীর্ঘদিন প্যারালাইসিস ও শ্বাসকষ্টজনিত রোগে ভুগছিলেন। অসুস্থতার কারণে জেলা কারাগারের হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। হঠাৎ শ্বাসকষ্ট বেড়ে যাওয়ায় উন্নত চিকিৎসার জন্য সদর হাসপাতালে নেওয়া হয়। কিন্তু সেখানে কর্তব্যরত চিকিৎসক কয়েদি বেলায়েতকে মৃত ঘোষণা করেন। 

লক্ষ্মীপুর সদর হাসপাতালে মেডিকেল অফিসার ডা. শামিম মোহাম্মদ আফজাল জানান, কারা রক্ষীরা বেলায়েত নামে একজন কয়েদিকে সদর হাসপাতালে নিয়ে আসেন। কিন্তু হাসপাতালে আনার আগেই কয়েদির মৃত্যু হয়েছে বলে জানান তিনি।

HK/FI
আরও পড়ুন
সর্বশেষপঠিত