প্রধানমন্ত্রীর কর্মসূচিতে যাওয়ার পথে ডুবোচরে বিড়ম্বনা

আপডেট : ১৩ জুলাই ২০২৬, ০৮:০৭ পিএম

বরিশালে প্রধানমন্ত্রীর বৃক্ষরোপণ ও মতবিনিময় কর্মসূচিতে যোগ দিতে আসার পথে হিজলা উপজেলায় মেঘনার শাখা নদীতে নেতাকর্মীবোঝাই একটি লঞ্চ ডুবোচরে আটকে গেছে। পরে লঞ্চে আটকে পড়া নেতাদের উদ্ধার করতে গিয়ে অতিরিক্ত যাত্রীবোঝাইয়ের কারণে একটি ইঞ্জিনচালিত নৌকা (ট্রলার) ডুবির ঘটনা ঘটে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।

সোমবার (১৩ জুলাই) বেলা ১০টার দিকে হিজলা উপজেলার বাউশিয়া এলাকায় মেঘনা নদীর একটি শাখা নদীতে এ দুর্ঘটনা ঘটে।

হিজলা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আসাদুজ্জামান সজল জানান, অভ্যন্তরীণ রুটের ‘এমভি অভিযান-৫’ লঞ্চে করে হিজলা উপজেলার বিএনপি ও অঙ্গসংগঠনের নেতারা প্রধানমন্ত্রীর কর্মসূচিতে যোগ দিতে বরিশাল শহরে আসার কথা ছিল। লঞ্চটি উপজেলার দুটি ঘাট থেকে নেতাকর্মীদের নিয়ে পুরাতন হিজলা লঞ্চঘাটের উদ্দেশ্যে রওনা দেয়। কিন্তু ঘাটের কাছাকাছি পৌঁছামাত্র লঞ্চটি একটি ডুবোচরে আটকে যায়।

তিনি আরও জানান, লঞ্চটি আটকে যাওয়ার পর নেতাকর্মীদের ঘাটে নিয়ে আসার জন্য একটি ইঞ্জিনচালিত নৌকা (ট্রলার) লঞ্চের পাশে যায়। তবে লঞ্চ থেকে অতিরিক্ত যাত্রী একবারে ট্রলারে উঠে পড়ায় পানি উঠে নৌকাটি ডুবে যায়। তবে কারো ক্ষয়ক্ষতি হয়নি। পরে নেতারা স্পিডবোটে করে বরিশাল নগরীতে পৌঁছে প্রধানমন্ত্রীর কর্মসূচিতে অংশ নেন।

হিজলা নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক গৌতম চন্দ্র মণ্ডল বলেন, ডুবোচরে লঞ্চটি আটকা ছিল। পরে সেটির যাত্রীদের উদ্ধার করতে যাওয়া একটি নৌকা অতিরিক্ত যাত্রীর কারণে পানিতে ডুবে যায়। তবে তাৎক্ষণিকভাবে সবাইকে উদ্ধার করা সম্ভব হওয়ায় কোনো বড় ধরনের দুর্ঘটনা ঘটনা ঘটেনি।

MCH
আরও পড়ুন