নিষিদ্ধ পলিথিন বন্ধে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত

আপডেট : ১৪ আগস্ট ২০২৬, ১২:১৫ পিএম

নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগের ব্যবহার বন্ধ ও জনসচেতনতা বাড়াতে ঝালকাঠিতে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও জেলা পরিবেশ অধিদপ্তরের আয়োজনে এই সভা অনুষ্ঠিত হয়।

সভায় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. বশির গাজীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. মমিন উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন- জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক আনজুমান নেছা।

সভায় নিষিদ্ধ পলিথিনের ক্ষতিকর প্রভাব এবং পরিবেশ ও জনস্বাস্থ্যের ওপর এর নেতিবাচক প্রভাব নিয়ে আলোচনা করা হয়। একই সঙ্গে পলিথিনের ব্যবহার বন্ধে জনসচেতনতা বৃদ্ধি এবং এর বিকল্প হিসেবে পরিবেশবান্ধব ব্যাগ ব্যবহারে জনগণকে উৎসাহিত করার ওপর গুরুত্ব দেওয়া হয়।

বক্তারা বলেন, পলিথিন ব্যবহারের ফলে জলাবদ্ধতা সৃষ্টি, মাটি ও পানি দূষণসহ পরিবেশের নানা ধরনের ক্ষতি হচ্ছে। তাই শুধু আইন প্রয়োগের মাধ্যমে নয়, পলিথিনের ক্ষতিকর দিক সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করে এর ব্যবহার বন্ধে কার্যকর ভূমিকা রাখতে হবে।

এসময় পরিবেশ অধিদপ্তর ও জেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, দোকান মালিক, ব্যবসায়ী, মাছ বিক্রেতাসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

MU
আরও পড়ুন