দেশব্যাপী জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬ বাস্তবায়নের অংশ হিসেবে বরগুনার বামনায় মশক নিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়েছে।
সোমবার (১৪ সেপ্টেম্বর) বেলা ১২টায় উপজেলার বেগম ফায়জুন্নেসা মহিলা ডিগ্রি কলেজ প্রাঙ্গণে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে কলেজের শিক্ষক-কর্মচারীসহ সংশ্লিষ্টরা অংশ নেন। এ সময় কলেজ চত্বরের বিভিন্ন স্থানে জমে থাকা ময়লা-আবর্জনা পরিষ্কার করা হয়। পাশাপাশি ডেঙ্গুর বাহক এডিস মশার বংশবিস্তার রোধে সম্ভাব্য প্রজননস্থল চিহ্নিত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়।
অভিযানে উপস্থিত ছিলেন বেগম ফায়জুন্নেসা মহিলা ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. হাবিবুর রহমান এবং বামনা উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক আবুল কালাম আজাদ আকন রানা।
আয়োজকেরা বলেন, ডেঙ্গুর প্রকোপ থেকে মুক্ত থাকতে শুধু প্রশাসনিক উদ্যোগই যথেষ্ট নয়। এর পাশাপাশি প্রতিটি নাগরিককে নিজ নিজ বাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে। বিশেষ করে কোথাও যেন দীর্ঘ সময় পানি জমে না থাকে, সেদিকে সবাইকে সতর্ক থাকতে হবে।
তারা আরও বলেন, জনস্বার্থে ও নাগরিকদের মধ্যে সচেতনতা বাড়াতে এ ধরনের মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান নিয়মিতভাবে অব্যাহত রাখা প্রয়োজন। ডেঙ্গু প্রতিরোধে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তাঁরা।
নড়াইলে জামায়াত নেতার অবৈধ কয়লার ভাটা ধ্বংস
কিশোরগঞ্জে হাতকড়াসহ পালালেন আওয়ামী লীগ নেতা