ভোলার চরফ্যাশনে দুই যুবককে তুলে নিয়ে গিয়ে মারধরের পর তাদের হাতে ইয়াবা দিয়ে ছবি ও ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া এবং ঘটনার সুষ্ঠু তদন্তের দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয় বাসিন্দারা।
উপজেলার নজরুলনগর ইউনিয়নের স্লুইজ বাজার এলাকায় সোমবার (২৮ সেপ্টেম্বর) এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। সেখানে বক্তারা ঘটনার নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন এবং দায়ীদের আইনের আওতায় আনার দাবি জানান।
স্থানীয়রা জানান, প্রায় দুই বছর আগে কুরালিয়া স্লুইজ বাজার এলাকার স্কুলশিক্ষক বিধান চন্দ্র বিশ্বাসের সঙ্গে বিবাদের জেরে প্রতিপক্ষ তিনজনকে আসামি করে একটি মামলা করে। গত ২৩ সেপ্টেম্বর ওই মামলায় হাজিরা দিতে বিধান চন্দ্র বিশ্বাস, তার ছেলে সুব্রত ও ভাতিজা তাপস চরফ্যাশন আদালতে যান। দুপুরে আদালতের কাছের একটি দোকানে চা পান করে বের হওয়ার পর একদল লোক সুব্রত ও তাপসকে জোর করে তুলে নিয়ে যায়। পরে তাদের হাতে ইয়াবা দিয়ে ছবি ও ভিডিও ধারণ করা হয়। পরদিন এসব ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, কাউকে ফাঁসানোর উদ্দেশ্যে মাদক ব্যবহার করা হয়েছে কি না তা তদন্ত করে দেখা জরুরি। একই সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ছবি ও ভিডিওর উৎস শনাক্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান তারা।
নজরুলনগর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সজীব শাহরিয়ার বলেন, ‘ঘটনার দিন উপজেলার সামনে স্কুলশিক্ষক বিধান চন্দ্র বিশ্বাসের সঙ্গে দেখা হলে তিনি আমাকে বিষয়টি জানান। পরে আমি ইউএনও ও থানার ওসিকে বিষয়টি অবহিত করি।’ দক্ষিণ আইচা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আহসান কবীর বলেন, এবিষয়ে লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
বৃহস্পতিবার ফেনী যাচ্ছেন প্রধানমন্ত্রী, অংশ নেবেন একাধিক কর্মসূচিতে
রামেসু বাজারে সংগঠিত হত্যাকাণ্ডের বিচার দাবি