নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় সীমানা প্রাচীর নির্মাণকে কেন্দ্র করে গুলিতে দুইজন নিহতের ঘটনায় জোড়া খুনের মামলার প্রধান আসামি সবুজকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। একই মামলার অপর দুই আসামি পারুল ও ফরহাদকে খালাস দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) জেলা অতিরিক্ত দায়রা জজ-২য় আদালতের বিচারক তৌহিদুল ইসলাম এই রায় ঘোষণা করেন।
মামলার এজহার সূত্রে জানা যায়, ২০১৩ সালের ২ এপ্রিল বেগমগঞ্জ উপজেলার জগদীশপুর গ্রামের মনু মিঝি বাড়িতে পুকুরের সীমানা প্রাচীর নির্মাণকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে বিরোধ সৃষ্টি হয়। এর জেরে সবুজের নেতৃত্বে প্রতিপক্ষের ওপর গুলি চালানো হয়। এতে সেতারা বেগম ও খলিল নিহত হয়। এ ঘটনায় আরও পাঁচজন গুলিবিদ্ধ হয়ে আহত হন। ঘটনার পর আবদুস সহিদ বাদী হয়ে বেগমগঞ্জ থানায় হত্যা মামলা করেন। দীর্ঘ বিচারিক কার্যক্রম ও সাক্ষ্যগ্রহণ শেষে আদালত রায় দেয়।
রাষ্ট্রপক্ষের অতিরিক্ত পিপি জসিম উদ্দিন বাদল জানান, আদালতে সাক্ষ্যগ্রহণ শেষে অভিযোগের সত্যতা প্রমাণি হওয়ায় প্রধান আসামি সবুজকে মৃত্যুদণ্ড দেওয় হয়েছে। অপরদিকে এই মামলার দুই আসামি পারুল ও ফরহাদকে খালাস দেওয়া হয়। আসামিপক্ষের আইনজীবী অ্যাড. সামছুদ্দিন আহমেদ জানিয়েছেন, রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করা হবে।
নিষিদ্ধ পলিথিন বন্ধে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত
মিয়ানমারে পাচারকালে ৭৬০ বস্তা সারসহ গ্রেপ্তার ৫