নোয়াখালীর সেনবাগ উপজেলার নবীপুর ইউনিয়নের বড় চারিগাঁও গ্রামে ‘সুন্দলপুর-৪ মূল্যায়ন কাম উন্নয়ন কূপ’ খনন শেষে গ্যাসের সন্ধান মিলেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কূপটি থেকে প্রতিদিন জাতীয় গ্রিডে প্রায় ৭ মিলিয়ন ঘনফুট গ্যাস যুক্ত হতে পারে।
মঙ্গলবার (৬ অক্টোবর) বিকেলে কূপটিতে গ্যাসের অবস্থান নিশ্চিত হওয়ার কথা জানায় পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেড (বাপেক্স)। এর আগে গত ২৮ জুলাই কূপটির খননকাজ শুরু করা হয়েছিল। বাপেক্স সূত্রে জানা যায়, বর্তমানে কূপটিতে ডিএসটি (ড্রিল স্টেম টেস্ট) পরীক্ষা চলছে। এই পরীক্ষা শেষ হলে কূপটিতে গ্যাসের মজুদের পরিমাণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।
সূত্র জানায়, ডিরেকশনাল ওয়েল পদ্ধতিতে এমডব্লিউডি (মেজারমেন্ট হোয়াইল ড্রিলিং) প্রযুক্তি ব্যবহার করে কূপটি ১ হাজার ৫৭৮ মিটার গভীর পর্যন্ত খনন করা হয়েছে। এর মধ্যে ১ হাজার ৪২০ থেকে ১ হাজার ৪৬০ মিটার গভীরতার জোনে গ্যাসের অস্তিত্ব পাওয়া গেছে।
সুন্দলপুর-৪ মূল্যায়ন কাম উন্নয়ন কূপ খনন প্রকল্পের প্রকল্প পরিচালক মোজাম্মেল হক গ্যাস পাওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘আরো দুই থেকে তিন দিন ডিএসটি পরীক্ষা চলবে। পরীক্ষা শেষ হলে কূপটিতে মোট কত গ্যাস মজুদ রয়েছে, সে বিষয়ে নিশ্চিত হওয়া যাবে।’
চট্টগ্রাম বন্দরে অনুমতি ছাড়া চিত্র ধারণে নিষেধাজ্ঞা
দেশের ৬২ শতাংশ দরিদ্র মানুষ সামাজিক সুরক্ষার বাইরে: বিশ্বব্যাংক