ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-৫ (সদর) আসনে স্বতন্ত্র প্রার্থীর শেষ মিছিল করতে এসে অসুস্থ হয়ে দুইজনের মৃত্যু হয়েছে। সোমবার ( ৯ ফেব্রুয়ারি) দুপুরে শহিদ স্মৃতি পৌর উদ্যান থেকে শহরের গুরুত্বপূর্ণ স্থানে প্রদক্ষিণ শেষে এ ঘটনা ঘটে।
মৃতরা হলেন- সদর উপজেলার সেলিমপুর ইউনিয়নের চর পাকুল্যা গ্রামের জোনাব আলী ও একই ইউনিয়নের ছোনাট গ্রামের জিয়াউর রহমান।
জানা যায়, টাঙ্গাইলের স্বতন্ত্র প্রার্থী অ্যাডভোকেট ফরহাদ ইকবালের শেষ দিনের নির্বাচনী মিছিল শুরুর আগ মুহূর্তে একজন ও মিছিল চলাকালীন একজন সমর্থক হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। এ সময় একজন হৃদরোগে আক্রান্ত হন এবং অপরজনের ডায়াবেটিসের মাত্রা হঠাৎ কমে যায়। পরে তাদের দ্রুত টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।
টাঙ্গাইল-৫ (সদর) আসনের স্বতন্ত্র প্রার্থী অ্যাডভোকেট ফরহাদ ইকবাল বলেন, আজকে আমার গণমিছিল ছিল। সেই মিছিলে উপজেলার প্রত্যন্ত গ্রাম থেকে শুরু করে শহরের অলিগুলি থেকে হাজার হাজার মানুষ সমবেত হয় শহরের শহীদ স্মৃতি পৌর উদ্যানে আসে। সেখানে হঠাৎ অসুস্থ হয়ে পড়ে আমার দুজন কর্মী। তাদেরকে তাৎক্ষণিক হাসপাতালে পাঠানো হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ অবস্থায় তাদের পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা প্রকাশ করছি।
টাঙ্গাইল সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন বলেন, মৃত দুজনেই বয়স্ক এবং অসুস্থ ছিল। তবে এ বিষয়ে কোনো ধরনের অভিযোগ এখন পর্যন্ত আসেনি।
টাঙ্গাইল-৫ আসনে বিএনপির মনোনয়ন দাবিতে ২ পক্ষের মিছিল
