ফরিদপুরের নগরকান্দায় কালী মন্দির থেকে চুরি হওয়া ২২ কেজি ওজনের দুটি পিতলের মূর্তি উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত চারজনকে আটক করা হয়েছে।
বুধবার (১৯ আগস্ট) সন্ধ্যা সাতটার দিকে উপজেলার জুঙ্গুরদী গ্রামে অভিযান চালিয়ে মোস্তফা মোল্লার বাড়ির আঙিনা থেকে মূর্তি দুটি উদ্ধার করা হয়।
আটকরা হলেন- উপজেলার জুঙ্গুরদী গ্রামের শিয়াব মুন্সি (২০), শশা গ্রামের রুমান তালুকদার (১৯), ছাগলদী গ্রামের মহাসিন শেখ (২১) ও জুঙ্গুরদী গ্রামের আবির আহমেদ (১৮)।
পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার (১৭ আগস্ট) সকালে মন্দিরে পূজা দিতে গিয়ে কালী মন্দিরের সেবায়েত রমা চক্রবর্তী মূর্তি চুরির বিষয়টি জানতে পারেন। এর আগে রোববার রাতে মন্দিরে তালা দিয়ে তিনি বাসায় যান। পরদিন ভোরে এসে দেখেন মন্দিরের তালা ভাঙা এবং ভেতরের পিতলের মূর্তি দুটি নেই। পরবর্তীতে মন্দির কমিটির সঙ্গে আলোচনা করে নগরকান্দা থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে থানা পুলিশ। পরবর্তীতে আটক ব্যক্তিদের দেওয়া তথ্য অনুযায়ী অভিযান চালিয়ে জুঙ্গুরদী গ্রাম থেকে চুরি হওয়া পিতলের মূর্তি দুটি উদ্ধার করা হয়।
ফরিদপুরের সিনিয়র সহকারী পুলিশ সুপার (নগরকান্দা সার্কেল) মুহাম্মদ আল ফাহাদ বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনার পর বিষয়টি গুরুত্বসহকারে দেখা হয় এবং অভিযানে নামে পুলিশ। পরে কালী মন্দির থেকে চুরি হওয়া মূল্যবান পিতলের মূর্তি দুটি উদ্ধার করা হয়েছে। এর সঙ্গে জড়িত থাকার অভিযোগে চারজনকে আটক করা হয়েছে। এ ঘটনায় আরও কেউ জড়িত আছে কি না তা তদন্ত করে দেখা হচ্ছে। মূর্তি দুটি উদ্ধারের পর মন্দির কর্তৃপক্ষের কাছে আইনানুযায়ী হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
আধিপত্য বিস্তারে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০
পূর্বাচল থেকে চোখ-মুখ বাঁধা অবস্থায় অপহৃত চিকিৎসক উদ্ধার