টঙ্গীর হাজির মাজার বস্তিতে রাজউকের উচ্ছেদ অভিযান

আপডেট : ৩১ আগস্ট ২০২৬, ০৫:৩৪ পিএম

গাজীপুরের টঙ্গীর হাজির মাজার বস্তিতে উচ্ছেদ অভিযান চালিয়েছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)।

সোমবার (৩১ আগস্ট) সকাল সাড়ে ১১টার দিকে টঙ্গী বাজারের কলকারখানা অধিদপ্তর-সংলগ্ন এলাকায় এ অভিযান শুরু হয়।

রাজউকের নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে পরিচালিত অভিযানে পে-লোডার ও এক্সকাভেটর ব্যবহার করা হয়। অবৈধ স্থাপনা উচ্ছেদে বিপুলসংখ্যক শ্রমিক কাজ করেন। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) সদস্যরা উপস্থিত ছিলেন।

রাজউকের উপপরিচালক (এস্টেট ও ভূমি-৩) মো. লিটন সরকারের নেতৃত্বে অভিযান পরিচালিত হয়। এ সময় জিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার মো. বেলায়েত হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে দায়িত্ব পালন করে।

স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, হাজির মাজার বস্তি এলাকায় দীর্ঘদিন ধরে মাদক কেনাবেচার অভিযোগ রয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিভিন্ন সময়ে সেখানে অভিযান চালালেও মাদক কেনাবেচা পুরোপুরি বন্ধ হয়নি বলে অভিযোগ স্থানীয়দের।

রাজউক সূত্র জানায়, বস্তি এলাকার জমিটি রাজউকের মালিকানাধীন। দীর্ঘদিন ধরে জমিটি অবৈধভাবে দখল করে বিভিন্ন স্থাপনা নির্মাণ করা হয়েছিল। অভিযান চালিয়ে এসব স্থাপনা উচ্ছেদের মাধ্যমে জমিটি দখলমুক্ত করা হয়েছে।

অভিযান শেষে জিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার মো. বেলায়েত হোসেন বলেন, মাদকমুক্ত পরিবেশ নিশ্চিত করা এবং সরকারি জমি উদ্ধারে এ ধরনের অভিযান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। উদ্ধার করা জমিতে যাতে পুনরায় অবৈধ দখল বা মাদকের আখড়া গড়ে উঠতে না পারে, সে বিষয়ে নজরদারি রাখা হবে।

রাজউকের উপপরিচালক মো. লিটন সরকার বলেন, ‘রাজউকের এই প্লটটি দীর্ঘদিন ধরে অবৈধ দখলদারদের নিয়ন্ত্রণে ছিল। প্রশাসনের সহায়তায় আজ অবৈধ দখলদারদের উচ্ছেদ করে আমরা জমিটি দখলমুক্ত করেছি।’

অভিযান চলাকালে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ছিল বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

এমসিএইচ
আরও পড়ুন