গাজীপুরের কাপাসিয়া উপজেলার টোক ইউনিয়নে বিদ্যালয় ছুটির পর দ্বিতীয় শ্রেণির এক ছাত্রীকে রাস্তা থেকে অপহরণ করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় জুনাকী নামে এক নারীকে আটক করে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয়রা।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দুপুরে টোক ঘোষেরকান্দী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী মোছা. জান্নাতুল মাহাকে নিয়ে এ ঘটনা ঘটে। মাহা ঘোষেরকান্দী এলাকার জালাল উদ্দীনের মেয়ে।
বিদ্যালয়ের সহকারী শিক্ষক দ্বীন মোহাম্মদ জানান, দুপুর ১২টার দিকে বিদ্যালয় ছুটির পর মাহা বাড়ির উদ্দেশে রওনা হয়। বিদ্যালয় থেকে প্রায় আধা কিলোমিটার পূর্বে যাওয়ার পর এক নারী তাকে রাস্তা থেকে নিয়ে যান বলে জানতে পারেন তাঁরা। পরে স্থানীয়রা বিষয়টি টের পেয়ে ওই নারীকে আটক করে পুলিশে খবর দেন।
স্থানীয়রা বলেন, শিশুটিকে নিয়ে ওই নারী টোক বাইপাস এলাকায় পৌঁছালে মাহা কান্নাকাটি শুরু করে। এ সময় আশপাশের লোকজন এগিয়ে এসে শিশুটিকে উদ্ধার করেন এবং ওই নারীকে আটক করেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাঁকে হেফাজতে নেয়।
টোক নয়ন বাজার পুলিশ তদন্ত কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত উপপরিদর্শক (এসআই) মাইন উদ্দিন বলেন, স্কুলছাত্রীকে অপহরণের অভিযোগে স্থানীয়রা মনোহরদী উপজেলার বাসিন্দা জুনাকী নামে ওই নারীকে আটক করে পুলিশকে খবর দেন। পরে পুলিশ তাঁকে হেফাজতে নেয়। এ ঘটনায় অপহরণ মামলা দিয়ে তাঁকে কাপাসিয়া থানায় পাঠানো হয়েছে।
দুই ঘণ্টা বন্ধ থাকার পর রাজশাহীর সাথে রেল চলাচল শুরু
সার-ওষুধের দাম চড়া, আমনে লাভ নিয়ে শঙ্কায় কৃষক