প্রতিমন্ত্রীর স্বাক্ষর জাল করে তদবির বাণিজ্য, গ্রেপ্তার ১

আপডেট : ০৩ আগস্ট ২০২৬, ০৭:৩৫ পিএম

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী লায়ন ড. শেখ ফরিদুল ইসলামের নাম, পদবি ও স্বাক্ষর জাল করে দীর্ঘদিন ধরে অবৈধ তদবির বাণিজ্য ও প্রতারণা চালানোর অভিযোগে একটি সংঘবদ্ধ চক্রের মূলহোতাকে গ্রেপ্তার করেছে মোংলা থানা পুলিশ। 

রোববার (২ আগস্ট) গভীর রাতে উপজেলার চিলা ইউনিয়নের হলদীবুনিয়া এলাকায় বিশেষ অভিযান চালিয়ে কামরুজ্জামান টুকু ওরফে টুকু শেখ (৩৫) নামের ওই ব্যক্তিকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে প্রতিমন্ত্রীর নাম ও পদবি সম্বলিত জাল সিল, স্ট্যাম্প এবং প্রতারণার কাজে ব্যবহৃত বিভিন্ন আলামত জব্দ করা হয়েছে।

সোমবার (৩ আগস্ট) গ্রেপ্তারকৃতকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। তদন্তের স্বার্থে প্রয়োজন হলে তাকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হতে পারে বলে জানিয়েছে পুলিশ। গ্রেফতার টুকু শেখ মোংলা উপজেলার হলদীবুনিয়া গ্রামের মৃত নুরুল ইসলাম শেখের ছেলে। 

পুলিশের জানায়, তিনি একটি সংঘবদ্ধ জালিয়াত চক্রের নেতৃত্ব দিয়ে দীর্ঘদিন ধরে সরকারি প্রভাব খাটানোর নামে প্রতারণামূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছিলেন।

মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, ‘রাষ্ট্রের একজন উচ্চপদস্থ প্রতিমন্ত্রীর স্বাক্ষর ও সিল জাল করা অত্যন্ত গুরুতর অপরাধ। এটি শুধু ব্যক্তিগত প্রতারণার ঘটনা নয় বরং রাষ্ট্রীয় ভাবমূর্তি ক্ষুণ্ন করার একটি সুপরিকল্পিত অপচেষ্টা। বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে।’

তিনি আরও জানান, এ ঘটনায় টুকু শেখসহ সরাসরি জড়িত তিনজনকে আসামি করে দণ্ডবিধির সংশ্লিষ্ট ধারায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। মামলার অন্য দুই আসামি বর্তমানে পলাতক রয়েছেন। তাদের গ্রেফতারে পুলিশের একাধিক টিম কাজ করছে।

MCH/AHA
আরও পড়ুন