বঙ্গোপসাগরে ভাসতে থাকা ৮ জেলে উদ্ধার 

আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৭ পিএম

গভীর সমুদ্রে ইঞ্জিন বিকল হয়ে পাঁচ দিন ধরে ভাসতে থাকা একটি ফিশিং বোটসহ আট জেলেকে জীবিত উদ্ধার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সকালে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।

কোস্ট গার্ড সূত্রে জানা যায়, গত ১৯ সেপ্টেম্বর বেলা ১১টার দিকে আট জেলেসহ একটি ফিশিং বোট সুন্দরবনের কোকিলমনি থেকে প্রায় ১১ নটিক্যাল মাইল দক্ষিণে বঙ্গোপসাগরের গভীরে মাছ ধরছিল। এ সময় হঠাৎ বোটটির ইঞ্জিন বিকল হয়ে যায়। এরপর ইঞ্জিন চালু না হওয়ায় বোটটি গভীর সমুদ্রে ভাসতে থাকে।

দীর্ঘ সময় পর গত ২৪ সেপ্টেম্বর বিকেল ৩টার দিকে বোটটি মোবাইল নেটওয়ার্কের আওতায় আসে। তখন বোটে থাকা এক জেলে মুঠোফোনে মালিককে বিষয়টি জানান। পরে বোটের মালিক কোস্ট গার্ড পশ্চিম জোনের কাছে সহায়তা চান।

খবর পেয়ে কোস্ট গার্ড স্টেশন কোকিলমনি থেকে দ্রুত উদ্ধার অভিযান পরিচালনা করা হয়। অভিযানে গভীর সমুদ্রে বিকল হয়ে ভাসতে থাকা ফিশিং বোটটি শনাক্ত করা হয় এবং বোটে থাকা আট জেলেকে জীবিত উদ্ধার করা হয়।

এ বিষয়ে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বলেন, উদ্ধার করা জেলেদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। পাশাপাশি তাদের প্রয়োজনীয় খাবার সরবরাহ করা হয়। পরে ফিশিং বোটসহ জেলেদের মালিকপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।

 

এমসিএইচ
আরও পড়ুন
সর্বশেষপঠিত