বিদেশে উচ্চশিক্ষার জন্য ভর্তি, বৃত্তি, আবেদন ও ভিসা প্রক্রিয়া সম্পর্কে শিক্ষার্থীদের ধারণা দিতে শেরপুরে অনুষ্ঠিত হয়েছে ‘শেরপুর এডুকেশন এক্সপো’। এ আয়োজনে বিভিন্ন দেশের বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার সুযোগ ও প্রস্তুতি নিয়ে প্রয়োজনীয় তথ্য ও পরামর্শ দেওয়া হয়।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) শেরপুর শহরের উৎসব কমিউনিটি সেন্টারে ব্যারিস্টার শাহাদাত হোসাইনের উদ্যোগে এ এক্সপোর আয়োজন করা হয়।
মেলায় বিশ্বের বিভিন্ন দেশের বিশ্ববিদ্যালয়ে ভর্তির যোগ্যতা, শিক্ষাবৃত্তি, আবেদনপদ্ধতি ও ভিসা-সংক্রান্ত বিষয়ে শিক্ষার্থীদের দিকনির্দেশনা দেওয়া হয়। পাশাপাশি বিশ্ববিদ্যালয় নির্বাচন, বিদেশে পড়াশোনার প্রস্তুতি এবং ভবিষ্যৎ ক্যারিয়ার পরিকল্পনা নিয়ে সংশ্লিষ্টদের সঙ্গে সরাসরি কথা বলার সুযোগ পান তাঁরা।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন, শেরপুর প্রেসক্লাবের সভাপতি কাকন রেজা, সমাজসেবক রাজিয়া সামাদ ডালিয়া, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাসুদ হাসান বাদল, শেরপুর সরকারি মহিলা কলেজের অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক মাছুদুজ্জামান ও রসায়ন বিভাগের সহকারী অধ্যাপক রিফাত আহমেদ। এ ছাড়া ব্যারিস্টার রানা, ব্যারিস্টার সাদিক, ব্যারিস্টার ফারহান, ব্যারিস্টার রিয়াদ এবং অ্যাডভোকেট সাদসহ বিভিন্ন পর্যায়ের ব্যক্তিরা অনুষ্ঠানে অংশ নেন।
বক্তারা বলেন, উচ্চশিক্ষার জন্য দেশ-বিদেশে শিক্ষার্থীদের সামনে নানা সুযোগ রয়েছে। সঠিক তথ্য সংগ্রহ, পরিকল্পনা ও সময়মতো প্রস্তুতি নিতে পারলে পছন্দের বিশ্ববিদ্যালয়ে ভর্তির সম্ভাবনা বাড়ে। এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের প্রয়োজনীয় তথ্য জানার পাশাপাশি ভবিষ্যৎ শিক্ষাজীবন নিয়ে সিদ্ধান্ত নিতে সহায়তা করে।
আয়োজক ব্যারিস্টার শাহাদাত হোসাইন বলেন, শেরপুরের শিক্ষার্থীদের বিদেশে উচ্চশিক্ষার সুযোগ সম্পর্কে বাস্তব ধারণা দেওয়া এবং স্বপ্ন পূরণে সঠিক দিকনির্দেশনা দেওয়াই এ আয়োজনের মূল লক্ষ্য। ভবিষ্যতেও শিক্ষার্থীদের জন্য এ ধরনের উদ্যোগ চালিয়ে যাওয়ার প্রত্যাশা জানান তিনি।
মা ইলিশ রক্ষায় ৯ জেলায় নৌবাহিনীর অভিযান