জ্যারেড কুশনারের কড়া সতর্কবার্তা

বিশ্ব থেকে একঘরে হয়ে পড়বে ইসরায়েল

আপডেট : ২৪ নভেম্বর ২০২৬, ০৭:১৯ এএম

গাজা ইস্যুতে বর্তমান নীতি ও ধারা অব্যাহত রাখলে ইসরায়েল আন্তর্জাতিকভাবে বিচ্ছিন্ন বা একঘরে হয়ে পড়ার গুরুতর ঝুঁকিতে রয়েছে বলে সতর্ক করেছেন জ্যারেড কুশনার। সোমবার প্রকাশিত অ্যান্ড্রু রাইসের লেখা নিউ ইয়র্ক ম্যাগাজিনের এক প্রোফাইলে তিনি এই মন্তব্য করেন।

সন্ধিক্ষণে দাঁড়িয়ে ইসরায়েল

প্রশাসনে কোনো আনুষ্ঠানিক পদ না রেখেই যিনি গাজা নিয়ে মার্কিন কূটনীতিতে নেতৃত্ব দিতে সহায়তা করেছেন, সেই জ্যারেড কুশনার মনে করেন ইসরায়েল এখন এক গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে। তাঁর মতে, ৭ অক্টোবরের হামলার পর ইসরায়েল আরও নিরাপদ এবং বিশ্বে আরও বেশি সংহত হয়ে উঠতে পারে, অথবা “বর্তমান ধারায় চলতে পারে, যা একে বৈশ্বিক একঘরে অবস্থার দিকে নিয়ে যাবে।”

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গাজা পরিকল্পনা বাস্তবায়নের স্থবির হয়ে পড়া প্রচেষ্টা নিয়ে আলোচনার সময় কুশনারের এই সতর্কবার্তা সামনে আসে।

মিশর ও জেরুজালেমে কূটনৈতিক তৎপরতা

নিউ ইয়র্ক ম্যাগাজিনের তথ্য অনুযায়ী, নিরস্ত্রীকরণের বিষয়ে দৃঢ় প্রতিশ্রুতি আদায় করতে কুশনার আগস্ট মাসে মিশরে হামাসের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন। এরপর তিনি শান্তি বোর্ডকে (বোর্ড অব পিস) তার পুনরুদ্ধার পরিকল্পনা নিয়ে এগিয়ে যাওয়ার অনুমতি দিতে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ওপর চাপ সৃষ্টি করতে জেরুজালেমে যান। তবে ম্যাগাজিনটি জানিয়েছে, নেতানিয়াহু তখন সেই অনুমোদন দেননি।

অস্ত্র সমর্পণের রোডম্যাপ ও জাতিসংঘের প্রতিবেদন

এদিকে, জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ১৭ নভেম্বর জমা দেওয়া এক প্রতিবেদনে শান্তি বোর্ড জানায় যে হামাস এবং অন্যান্য ফিলিস্তিনি গোষ্ঠী জুলাই মাসে এমন একটি রোডম্যাপে সম্মত হয়েছিল, যার আওতায় তারা নিজেদের অস্ত্র সমর্পণ করবে।

সূত্র: দ্য জেরুজালেম পোস্ট

এইচএন
আরও পড়ুন