চাঁপাইনবাবগঞ্জে বজ্রপাতে নারীসহ ৫ জনের মৃত্যু

আপডেট : ০৪ জুন ২০২৬, ০৯:৪৭ পিএম

চাঁপাইনবাবগঞ্জের তিন উপজেলায় পৃথক বজ্রপাতে তিন নারীসহ পাঁচজনের মৃত্যু হয়েছে। এর মধ্যে শিবগঞ্জ উপজেলায় মারা গেছেন তিনজন। আর সদর উপজেলা ও নাচোল উপজেলায় একজন করে মারা গেছেন।

বৃহস্পতিবার (৪ জুন) বিকেলে এসব মৃত্যুর ঘটনা ঘটে।

শিবগঞ্জ উপজেলায় নিহতরা হলেন—চককীর্তি ইউনিয়নের চকনরেন্দ্র গ্রামের আব্দুর রবের স্ত্রী মাহমুদা আক্তার, রানীবাড়ি-বাজারপাড়ার আবুল কাশেমের মেয়ে সাদিয়া খাতুন এবং মোবারকপুর ইউনিয়নের শিকারপুর দক্ষিণপাড়ার ফিটু আলীর ছেলে মো. মেসবাউল।

শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিউর রহমান জানান, তিনজনই বাড়ির পাশের আম বাগানে বৃষ্টির মধ্যে আম কুড়াতে গিয়ে বজ্রপাতের শিকার হন।

এদিকে, সদর উপজেলার ঝিলিম ইউনিয়নের আতাহার এলাকায় বৃষ্টির সময় মাঠে গরু আনতে গিয়ে বজ্রপাতে গুরুতর আহত হন মো. রাব্বিলের ছেলে আব্দুল্লাহ। স্থানীয়রা তাকে চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একরামুল হোসাইন বিষয়টি নিশ্চিত করেছেন।

অন্যদিকে নাচোল উপজেলার লাহাবাড়ি গ্রামে মাঠে ঘাস কেটে বৃষ্টির মধ্যে বাড়ি ফেরার পথে বজ্রপাতে মারা যান সুমিয়ারা বেগম নামে এক নারী।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন নাচোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকোমল চন্দ্র দেবনাথ।

AHA
আরও পড়ুন