চাঁপাইনবাবগঞ্জের নাচোলে অরক্ষিত রেলক্রসিং পার হওয়ার সময় ট্রেনের ধাক্কায় আবুল কালাম আজাদ (৩৫) নামের এক পাওয়ার টিলারচালকের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (৬ আগস্ট) সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার দেওপাড়া রেলক্রসিংয়ে এই দুর্ঘটনা ঘটে।
নিহত আবুল কালাম আজাদ উপজেলার বান্দ্রা গ্রামের মো. মহিবুর রহমানের ছেলে।
স্থানীয়রা জানান, আবুল কালাম পাওয়ার টিলারচালিত ট্রলিতে একটি ছাগল নিয়ে দেওপাড়া থেকে বান্দ্রায় ফিরছিলেন। এ সময় তিনি দেওপাড়া অরক্ষিত রেলক্রসিং পার হওয়ার চেষ্টা করলে রহনপুর থেকে ছেড়ে আসা খুলনাগামী মহানন্দা এক্সপ্রেস ট্রেন তাকে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি ট্রেনের নিচে পড়ে ঘটনাস্থলেই মারা যান। দুর্ঘটনার পর খবর পেয়ে নাচোল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।
এদিকে দীর্ঘদিন ধরে দেওপাড়া অরক্ষিত রেলক্রসিংয়ে গেটম্যান নিয়োগের দাবি জানিয়ে আসছেন স্থানীয় বাসিন্দারা। দুর্ঘটনার পর আবারও এ দাবি জোরালো হয়েছে। সুজন নাচোল উপজেলা শাখার সাধারণ সম্পাদক সাকিল রেজা বলেন, বহুবার আবেদন করা হলেও এখনো সেখানে গেটম্যান নিয়োগ দেওয়া হয়নি। প্রয়োজন হলে এ দাবিতে মানববন্ধনসহ আরও কর্মসূচি পালন করা হবে।
নাচোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকোমল চন্দ্র দেবনাথ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মরদেহ উদ্ধার করা হয়েছে এবং এ ঘটনায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।
বিদ্যালয়ে সীমানা প্রাচীর না থাকায় নিরাপত্তাহীনতায় শিক্ষার্থীরা
প্রেম করে বিয়ে, তিন মাস না হতেই জীবন দিলো মুন্নি