সুনামগঞ্জে মা-ছেলের রক্তাক্ত মরদেহ উদ্ধার

আপডেট : ২৯ অক্টোবর ২০২৪, ০২:৫৩ পিএম

সুনামগঞ্জ শহরের হাছননগর এলাকায় একটি বাসা থেকে মা ও ছেলের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২৯ অক্টোবর) সকালে পুলিশ সুপারের বাংলোর পাশের বাসা থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়।

নিহতরা হলেন- ফরিদা বেগম (৪৫) ও ছেলে মিনহাজ (২০)। তাদের গ্রামের বাড়ি জেলার শান্তিগঞ্জ উপজেলার বসিয়াকাউরি গ্রামে।

স্থানীয়দের বরাত দিয়ে সুনামগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক জানান, পৌর শহরের এসপি বাংলো এলাকার একটি বাসায় ফরিদা বেগম তার ছেলেকে নিয়ে বসবাস করতেন। ঘরের একটি রুম ফরিদার খালাতো বোন ও বোনের ছেলে কাছে ভাড়া দিয়েছিলেন। মঙ্গলবার সকাল ৮টার দিকে গৃহকর্মী বাসায় কাজ করতে এসে বাড়ির মালিককে ডাকাডাকি করে কোনো সাড়া পাননি। একটু এগিয়ে গিয়ে দেখতে পান তাদের রক্তাক্ত মরদেহ মাটিতে পড়ে আছে। পরে স্বজনরা থানায় খবর দিলে পুলিশ সুরতহাল প্রতিবেদন তৈরির পর ময়নাতদন্তের জন্য মরদেহ দুটি সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠিয়েছে।

ওসি জানান, মা ও ছেলেকে কুপিয়ে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। পারিবারিক কলহের কারণে হত্যাকাণ্ড ঘটতে পারে। বাসায় থাকা খালাতো বোনের ছেলে ফয়সাল ও ফাহমিদ নামে একজন পলাতক রয়েছেন।

RA/FI
আরও পড়ুন