নাশকতার নেপথ্যে কারা? তদন্তে জোর দিচ্ছে সংশ্লিষ্টরা

সারাদেশে ১২ দিনে থানাসহ ৭৪ গাড়িতে আগুন, ৭৮ স্থানে ককটেল বিস্ফোরণ

আপডেট : ২০ নভেম্বর ২০২৬, ০৪:৪৩ এএম

পদচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণার পর থেকেই দেশের বিভিন্ন প্রান্তে নাশকতার প্রবণতা বেড়েছে বলে তথ্য মিলেছে। গত ৭ থেকে ১৮ নভেম্বর পর্যন্ত টানা ১২ দিনে দেশজুড়ে অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের একাধিক ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) পুলিশ সদর দফতর থেকে প্রকাশিত এক প্রতিবেদনে এই চিত্র তুলে ধরা হয়েছে। প্রতিবেদন অনুযায়ী, আলোচিত সময়ে সারাদেশের ৭৮টি স্থানে ককটেল বিস্ফোরণ এবং ৭৪টি যানবাহনে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে।

শুধু সাধারণ যানবাহন নয়, এই ১২ দিনে আইনশৃঙ্খলা বাহিনীর স্থাপনা ও গাড়িও হামলার লক্ষ্যবস্তু হয়েছে। পুলিশের তথ্য বলছে, তিনটি পুলিশ স্থাপনায় ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়েছে এবং ১৮টি পুলিশ গাড়িতে আগুন দেওয়া হয়েছে।

এ ছাড়া দুটি পুলিশ স্থাপনা ও একটি পুলিশ গাড়ি ককটেল বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে পুলিশ সদর দফতর। এসব সহিংস ঘটনায় এখন পর্যন্ত মোট ৩৮টি মামলা রুজু করা হয়েছে।

সংশ্লিষ্ট মামলায় জড়িত থাকার সন্দেহে ৬৩ জনকে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তবে সব ঘটনার বিপরীতে পৃথকভাবে কতটি মামলা হয়েছে, সে বিষয়ে বিস্তারিত কোনো হিসাব দেওয়া হয়নি।

বিশ্লেষকরা মনে করছেন, ধারাবাহিক এসব নাশকতা আইনশৃঙ্খলা বাহিনীর জন্য নতুন চ্যালেঞ্জ তৈরি করেছে। বিশেষ করে যানবাহনে আগুন ও ককটেল হামলায় সাধারণ মানুষের নিরাপত্তাবোধে নেতিবাচক প্রভাব পড়ছে।

সংশ্লিষ্ট মহলের মতে, অভিযুক্তদের গ্রেফতারের পাশাপাশি এই নাশকতার নেপথ্যের কারিগর ও অর্থের জোগানদাতাদের চিহ্নিত করা এখন সময়ের দাবি।

এইচএন
আরও পড়ুন
সর্বশেষপঠিত