চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) উর্দু ভাষা বিভাগ চালু করার প্রস্তাব দিয়েছেন বাংলাদেশে নিযুক্ত পাকিস্তান হাইকমিশনার সৈয়দ আহমেদ মারুফ।
সোমবার (২৪ ফেব্রুয়ারি) উপাচার্য অধ্যাপক ড. ইয়াহ্ইয়া আখতারের সঙ্গে তার অফিস কক্ষে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এই প্রস্তাব দেন। প্রতিউত্তরে উপাচার্য পাকিস্তানের করাচিতে বাংলা ভাষা শিক্ষা বিভাগ চালুর প্রস্তাব দেন।
উপাচার্য অধ্যাপক ড. ইয়াহ্ইয়া আখতার বলেন, বাংলাদেশে জুলাই-আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর নতুন প্রশাসন বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম উন্নত, সুষ্ঠু ও সুন্দর পরিবেশে পরিচালনার পাশাপাশি দেশ-বিদেশে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সাথে শিক্ষা ও গবেষণা বিনিময়ে যৌথ কার্যক্রম পরিচালনা করছে, যা ইতোমধ্যেই সুধী মহলে প্রশংসিত হচ্ছে।
উপাচার্যের সাথে সৌজন্য সাক্ষাতের পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদের সেমিনার কক্ষে দুপুর ১২ টায় ‘Recent Dynamics of Pakistan-Bangladesh Relations’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে মুখ্য আলোচক হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার সৈয়দ আহমেদ মারুফ।
সৌজন্য সাক্ষাতের সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. কামাল উদ্দিন, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মোহাম্মদ সাইফুল ইসলাম,পরীক্ষা নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. এনায়েত উল্যা পাটওয়ারী, রাজনীতি বিজ্ঞান বিভাগের সভাপতি অধ্যাপক ড. মাহফুজুল হক একই বিভাগের সহযোগী অধ্যাপক এ. জি. এম নিয়াজ উদ্দিন।

