এসএসসির ফল পেছাচ্ছে, এইচএসসির পুনঃপরীক্ষার সিদ্ধান্ত আগামী সপ্তাহে

 

 

আপডেট : ১৯ জুলাই ২০২৬, ০২:৪৭ পিএম

পূর্ব ঘোষণা অনুযায়ী আগামী ২০ জুলাই এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের পরিকল্পনা থাকলেও তা আর হচ্ছে না। প্রশাসনিক ব্যস্ততা এবং চলমান এইচএসসি পরীক্ষা ঘিরে উদ্ভূত পরিস্থিতির কারণে ফল প্রকাশে কয়েক দিন বিলম্ব হচ্ছে। তবে আগামী ৩১ জুলাইয়ের মধ্যেই ফলাফল চূড়ান্তভাবে প্রকাশ করা সম্ভব হবে বলে আশা করছে শিক্ষা বোর্ডগুলো। একই সাথে বৈরী আবহাওয়ার কারণে এইচএসসির স্থগিত ও বিতর্কিত তিন বিষয়ের সম্ভাব্য পুনঃপরীক্ষা নিয়ে আগামী সপ্তাহে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে আন্তঃশিক্ষা বোর্ড।

শনিবার (১৮ জুলাই) আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ২০ জুলাইয়ের মধ্যে ফল প্রকাশের সব প্রস্তুতি শেষ করার নির্দেশনা থাকলেও উদ্ভূত জটিলতার কারণে তা সম্ভব হয়নি। তবে চলতি মাসের শেষ সপ্তাহের যেকোনো দিন ফল প্রকাশ করা হবে।

এদিকে গত ১৩ জুলাই তীব্র বৈরী আবহাওয়ার মধ্যে অনুষ্ঠিত এইচএসসি পরীক্ষার তিনটি বিষয়ে (পদার্থবিজ্ঞান প্রথম পত্র, হিসাববিজ্ঞান প্রথম পত্র এবং যুক্তিবিদ্যা প্রথম পত্র) যেসব পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন, তাদের জন্য বিশেষ সুযোগ দেওয়ার ঘোষণা দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। চট্টগ্রাম শিক্ষা বোর্ডের স্থগিত হওয়া সংশ্লিষ্ট বিষয়ের অভিন্ন প্রশ্নপত্রে এই অনুপস্থিত পরীক্ষার্থীদের পুনরায় পরীক্ষায় বসার সুযোগ দেওয়া হতে পারে। তবে এই পুনঃপরীক্ষায় কারা অংশ নিতে পারবেন এবং আবেদনের প্রক্রিয়া কী হবে, সে বিষয়ে আগামী সপ্তাহে শিক্ষা মন্ত্রণালয় ও আন্তঃশিক্ষা বোর্ডের যৌথ বৈঠকের পর বিস্তারিত নির্দেশনা জারি করা হবে।

অন্যদিকে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক খোন্দকার মোহাম্মদ সাদেকুর রহমান জানিয়েছেন, দাখিল পরীক্ষার ফলাফল প্রকাশের কাজ প্রায় শেষ পর্যায়ে। আগামী সপ্তাহের মধ্যে মাদ্রাসা বোর্ডের স্থগিত পরীক্ষাগুলোর বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে এবং শিক্ষার্থীদের ভোগান্তি এড়াতে চট্টগ্রামের বন্যা পরিস্থিতি পর্যালোচনা করে নতুন তারিখ নির্ধারণ করা হবে। শিক্ষা মন্ত্রণালয় তারিখ চূড়ান্ত করলেই চলতি জুলাই মাসের মধ্যেই এসএসসি ও সমমানের ফল একসঙ্গে প্রকাশ করা হবে।

SN
আরও পড়ুন