দুপুরের মধ্যে ঝড়ের পূর্বাভাস, আজও নদীবন্দরে সতর্কতা

আপডেট : ১০ জুন ২০২৬, ০৯:৩৫ এএম

দেশের ১২টি অঞ্চলের ওপর দিয়ে দুপুরের মধ্যে ঘণ্টায় সর্বোচ্চ ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার আশঙ্কা প্রকাশ করেছে আবহাওয়া অধিদপ্তর। আজ বুধবার (১০ জুন) দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া এক পূর্বাভাসে এই তথ্য জানানো হয়েছে।

আবহাওয়াবিদ খো. হাফিজুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, রংপুর, দিনাজপুর, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ-পশ্চিম দিক থেকে এই ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সাথে এসব এলাকায় বৃষ্টি অথবা বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর ফলে সংশ্লিষ্ট এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

এদিকে আবহাওয়া অফিসের পাঁচ দিনের পূর্বাভাস অনুযায়ী, বর্ষা বা দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু ইতিমধ্যেই দেশের বরিশাল, চট্টগ্রাম, সিলেট, ময়মনসিংহ ও রংপুর বিভাগ পর্যন্ত পৌঁছে গেছে। আগামী দুই থেকে তিন দিনের মধ্যে তা দেশের অবশিষ্টাংশেও ছড়িয়ে পড়তে পারে।

আজ সন্ধ্যা ৬টার মধ্যে দেশের বিভিন্ন বিভাগে অস্থায়ী দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারি এবং কোথাও কোথাও ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। এই বৃষ্টিপাতের কারণে সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা কিছুটা কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

SN
আরও পড়ুন