উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তর উড়িষ্যা-পশ্চিমবঙ্গ উপকূলীয় এলাকায় অবস্থানরত লঘুচাপটি আরও ঘনীভূত হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর, সমুদ্রবন্দর ও বাংলাদেশের উপকূলীয় এলাকায় ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। উদ্ভূত পরিস্থিতিতে দেশের চারটি সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।
বৃহস্পতিবার (১৬ জুলাই) সকাল সাড়ে ৯টায় আবহাওয়ার এক বিশেষ সতর্কবার্তায় এই নির্দেশনা জারি করা হয়।
সতর্কবার্তায় জানানো হয়েছে, সংশ্লিষ্ট এলাকায় অবস্থানরত লঘুচাপটি বর্তমানে একই স্থানে অবস্থান করছে এবং এটি ক্রমান্বয়ে আরও শক্তিশালী বা ঘনীভূত হতে পারে। লঘুচাপের প্রভাবে সমুদ্র উপকূলবর্তী অঞ্চল এবং উত্তর বঙ্গোপসাগরে বৈরী আবহাওয়া বিরাজ করছে। ঝড়-বৃষ্টির আশঙ্কায় চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
পাশাপাশি, সাগর উত্তাল থাকায় উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে অত্যন্ত সাবধানে চলাচল করতে বিশেষভাবে পরামর্শ দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
৮ জেলায় ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কতা