রমজানের এই তীব্র গরমে সারা দিন রোজা রাখার পর ইফতারে এক গ্লাস ঠান্ডা ও পুষ্টিকর পানীয় শরীর ও মনে প্রশান্তি এনে দেয়। ইফতারের আয়োজনে বর্তমানে অনেকেরই পছন্দের তালিকায় শীর্ষে থাকে মধ্যপ্রাচ্যের বিশেষ করে সৌদি আরব ও তুরস্কের জনপ্রিয় পানীয় ‘লাবান’। বাজার থেকে না কিনে খুব সহজে মাত্র কয়েকটি উপকরণ দিয়ে ঘরেই তৈরি করা যায় স্বাস্থ্যকর এই পানীয়।
কেন খাবেন লাবান?
লাবান মূলত টক দই দিয়ে তৈরি একটি পানীয়, যা হজমে সহায়তা করে এবং শরীরের পানিশূন্যতা দ্রুত দূর করে। ইফতারে ভাজাপোড়া খাওয়ার পর পেট ঠান্ডা রাখতে লাবানের জুড়ি নেই।
প্রয়োজনীয় উপকরণ:
- ঘন টক দই (পরিমাণমতো)
- চিনি (স্বাদমতো)
- সামান্য লবণ বা বিট লবণ
- কাঠবাদাম কুচি অথবা পুদিনা পাতা
- জাফরান (ঐচ্ছিক)
প্রস্তুত প্রণালি:
একটি পাত্রে প্রথমে ঘন টক দই নিয়ে তাতে স্বাদমতো চিনি যোগ করুন। দই ও চিনি খুব ভালোভাবে ফেটিয়ে নিন যতক্ষণ না এটি মসৃণ ও ক্রিমি হয়ে ওঠে। এবার এতে সামান্য লবণ দিয়ে পুনরায় মেশান।
মিশ্রণটি অতিরিক্ত ঘন মনে হলে সামান্য ঠান্ডা পানি মেশাতে পারেন, তবে মনে রাখবেন পানি বেশি হলে লাবানের আসল স্বাদ ও ক্রিমি ভাব নষ্ট হয়ে যায়। তাই ঘনত্ব ঠিক রাখতে পানির বদলে বরফ কুচি ব্যবহার করা যেতে পারে।
সবশেষে পরিবেশনের আগে ওপরে কাঠবাদাম কুচি, পুদিনা পাতা অথবা সামান্য জাফরান ছড়িয়ে দিন। ব্যস, ঝটপট তৈরি হয়ে গেল পুষ্টিকর ও সুস্বাদু লাবান। ইফতারে এক গ্লাস ঠান্ডা লাবান আপনার সারা দিনের ক্লান্তি দূর করে শরীরে তাৎক্ষণিক শক্তি জোগাবে।
ইফতারের তৃপ্তিতে ঘরে তৈরি মুচমুচে ডিমের চপ
ইফতারে ভাজাপোড়া নয়, সুস্থ থাকতে বেছে নিন ‘দই-চিড়া’
