বৃষ্টি বিলাসে খিচুড়ি ছাড়াও আরও যা খেতে পারেন

আপডেট : ১৮ মে ২০২৬, ১০:৫৭ এএম

রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চলে গত কয়েকদিন ধরেই বৃষ্টি হচ্ছে। ঝুম বৃষ্টির মধ্যে অলস সময়কে রাঙিয়ে তুলতে আড্ডা, গান আর গল্পে সময় কাটায় অনেকেই। সেই সঙ্গে চাই সুস্বাদু খাবার। বৃষ্টির দিনে খাবারের কথা মনে হলেই আমাদের মাথায় যে নামটি চলে আসে তা খিচুড়ি। তবে বৃষ্টির মধ্যে খিচুড়ি ছাড়াও আরও কিছু মজাদার খাবার আপনি খেতে পারেন সহজেই। যা বৃষ্টি বিলাসে আপনার আনন্দ এবং অনুভূতিতে নতুন মাত্রা এনে দেবে। চলুন তাহলে জেনে নেওয়া যাক এমন কিছু মজাদার খাবার সম্পর্কে।

চা ও কফি

বৃষ্টি আর চা কিংবা কফি ধোঁয়া উড়ছে আর আপনি জানালা দিয়ে বাইরের দৃশ্য উপভোগ করছেন। বিষয়টি ভাবতেই মন জুড়ানো অনুভূতি আসে। বসে থাকলে এখনই প্রস্তুতি নিন, বৃষ্টিকে উপভোগ করুন নতুনভাবে।

মুড়ি চানাচুর

‘মুড়ি খা’ কথাটি বন্ধুমহলে এখন বেশ পরিচিত। আড্ডা হবে আর মুড়ি খাওয়া হবে না তা তো হয় না। বর্ষার দিনে তেল মাখানো মুড়ি, সঙ্গে পেঁয়াজ আর মরিচ কাটা, আর সামান্য বাদাম চানাচুর দিয়ে খাওয়ার মজাই আলাদা।

পপকর্ন

হাতের নাগালে যদি পপকর্ন কিংবা ভুট্টা পোড়া থাকে এখনি খেতে শুরু করুন, একটি একটি করে গালে তুলে দিন পপকর্ন আর সতেজ মন নিয়ে বাইরে তাকান, দেখবেন মুহূর্তেই মন নড়েচড়ে উঠছে।

নুডলস

ঘরে নুডুলস থাকলে দেরি না করে তৈরি করুন নুডুলসের একটি পদ। প্লেটে নিয়ে বসে পড়ুন, আর লম্বা হা করে আস্তে আস্তে গালে তুলে দিন নুডুলস। দেখবেন বৃষ্টির দিনে অমৃত স্বাদ পাচ্ছেন।

স্যুপ

বৃষ্টির শীতল দিনে হাতের স্যুপের বাটি তুলে নিতে পারেন। সুড়ুৎ সুড়ুৎ করে স্যুপে চুমুক দিয়ে বৃষ্টিকে উপভোগ করতে ভুলবেন না।

পেঁয়াজু কিংবা পাকোড়া

গরম গরম পেঁয়াজু কিংবা পাকোড়াকে ‘না’ বলতে পারবেন না কেউ। সেটা যদি হয় বৃষ্টির সময়ে, তাহলে জিভে জল না এসে পারেই না। রান্না ঘরে থাকা ডাল, বেসন আর সবজি দিয়ে সহজেই এগুলো বানানো যায়। এর পুষ্টিগুণও কম নয়।

চিকেন হালিম

ফ্রিজ থেকে নামিয়ে নিন মুরগি আর মোড়ের দোকান থেকে আনিয়ে নিন হালিম মসলা। তারপর সহজেই বানিয়ে ফেলুন চিকেন হালিম। পরিচিত এই খাবারটি যেমন মুখরোচক, তেমনি পুষ্টিগুণসম্পন্ন। বারান্দায় চেয়ারে বসে হালিম খেতে খেতে বৃষ্টি দেখার মজাই আলাদা।

পাপড়ি পুরি

ময়দা, সুজি, লবণ ও পানি একত্রে মিশিয়ে ভালো করে মাখিয়ে খামির করতে হবে। তারপর বড় করে বেলে গোল কাটার দিয়ে কেটে তেলে ভেজে তুলতে হবে। এবার ফুচকার মতো মাঝখানে ছিদ্র করে মাখানো পুর দিতে হবে। হয়ে গেল পাপড়ি পুরি। বৃষ্টির টুপটাপ ছন্দের সঙ্গে পাপড়ি পুরি আর তেঁতুলের সস হবে দারুণ কম্বিনেশন।

ফ্রুট সালাদ

বৃষ্টির দিনে যারা ভাজা-পোড়া এড়িয়ে চলতে চান, তারা চেখে দেখতে পারেন ফ্রুট সালাদ। পাকা কলা, আপেল, নাশপাতি, বেদানা, আঙ্গুরের সঙ্গে কয়েক ধরনের বাদাম মিক্স করে বানিয়ে ফেলতে পারেন ফ্রুট সালাদ। ওপরে লেখা উপাদানগুলোই দিতে হবে এমন কোনো কথা নেই। স্বাদমতো পরিবর্তন করতে পারেন ফল। বৃষ্টির দিনে এমন একটি খাবার আপনার সঙ্গী হলে খারাপ হবে না। 

SN
আরও পড়ুন