ইফতার মেনুতে বিকল্প কিছু খুঁজছেন? প্রতিদিন একই আইটেম আর না বানিয়ে ভিন্ন কিছু বানাতে চান? তবে রান্নাঘরে থাকা মাত্র একটি উপাদান দিয়ে খুব সহজেই একটি রেসিপি বানিয়ে নিন। এটি শিশু থেকে শুরু করে বয়স্ক এবং প্রাপ্তবয়স্ক- সবাই পছন্দ করবে। ইফতার পার্টিতেও অন্যান্য আইটেমের সঙ্গে ক্রিস্পি আলু চাট রেসিপি রাখতে পারেন। এই রেসিপিতে আলু আগে থেকে সিদ্ধ করে নিন। তাই মুখরোচক আলু চাট বানাতে খুব বেশি একটা সময় লাগবে না।
যা যা লাগবে:
* কিউব কিউব করে কাটা ৪টি সিদ্ধ আলু
* ১/২ টি কাঁচামরিচ
* আমচুর পাউডার
* ১ টেবিল চামচ চাট মশলা
* ২ টেবিল চামচ মেয়োনিজ
* স্বাদমতো লবণ
* লাল মরিচের গুঁড়ো ১ টেবিল চামচ
* ধনে গুঁড়ো ২ টেবিল চামচ
* চানাচুর ২ টেবিল চামচ
* ধনে পাতা কুচি
* তেল ৩ টেবিল চামচ
* সাজানোর জন্য ডালিমের দানা
যেভাবে বানাবেন: প্রথমে একটি প্যানে কিছু তেল গরম করুন। তেল গরম হয়ে এলে প্যানে জিরা এবং কাঁচামরিচ ছড়িয়ে দিন। তারপর কিউব করা সিদ্ধ আলু এতে যোগ করুন। কিউব করা আলুগুলো সোনালী বা বাদামী করে ভেজে নিন। ভাজা হয়ে গেলে একটি পাত্রে তেল ঝরিয়ে উঠিয়ে নিন। অন্য একটি শুকনো পাত্রে লাল মরিচের গুঁড়ো, আমচুর পাউডার, ধনে গুঁড়ো, চাট মশলা এবং লবণ দিয়ে একটি মিশ্রণ তৈরি করুন। ভেজে রাখা আলুগুলোতে এই মিশ্রণগুলো ভালো করে মাখিয়ে নিন। ব্যস তৈরি হয়ে গেল আলু চাট রেসিপি।
পরিবেশনের সময় আলু চাটের ওপরে ধনে পাতা কুঁচি, চানাচুর, ডালিমের দানা দিয়ে পরিবেশন করুন।

