গ্রীষ্মকাল মানেই আমের মৌসুম। মিষ্টি স্বাদ, রসালো শাঁস ও মনমাতানো সুবাসের কারণে আম বিশ্বের অন্যতম জনপ্রিয় ফল। তবে বাজারে পাওয়া সব আমের গুণগত মান এক রকম নয়। অনেক সময় অপরিপক্ব অবস্থায় পাড়া আম বা কৃত্রিমভাবে পাকানো আম বাজারে বিক্রি হয়। তাই সুস্বাদু ও স্বাভাবিকভাবে পাকা আম বেছে নিতে কিছু বিষয় খেয়াল রাখা জরুরি।
গন্ধে চিনুন পাকা আম
পাকা আমের বোঁটার কাছে সাধারণত মিষ্টি ও সতেজ গন্ধ পাওয়া যায়। যদি কোনো গন্ধ না থাকে বা খুবই কম থাকে, তাহলে বুঝতে হবে আমটি এখনও পুরোপুরি পাকেনি।
আলতো চাপ দিয়ে পরীক্ষা করুন
আম হাতে নিয়ে হালকা চাপ দিন। পাকা আম সামান্য নরম হবে, তবে অতিরিক্ত নরম বা থেঁতলানো নয়। তবে বারবার বা একাধিক আম টিপে দেখা উচিত নয়। কেনার সিদ্ধান্ত নেওয়ার পর একটি আম পরীক্ষা করাই যথেষ্ট।
খোসা ভালোভাবে পর্যবেক্ষণ করুন
আমের রঙ দেখে সবসময় পাকার মাত্রা বোঝা যায় না, কারণ বিভিন্ন জাতের আমের রঙ ভিন্ন হয়ে থাকে। তাই খোসা মসৃণ কি না এবং কোথাও কাটা দাগ, কালচে ছোপ বা ক্ষতচিহ্ন আছে কি না, তা খেয়াল করুন।
কুঁচকানো খোসার আম এড়িয়ে চলুন
খোসা কুঁচকে গেলে বুঝতে হবে আমটি তার সতেজতা ও আর্দ্রতা হারিয়েছে। ভালো আম সাধারণত টানটান, ভরাট ও আকর্ষণীয় আকৃতির হয়।
ওজনেও মিলবে ইঙ্গিত
একই আকারের দুটি আমের মধ্যে তুলনামূলক ভারী আমে সাধারণত বেশি রস ও শাঁস থাকে। তাই আম হাতে নিয়ে ওজন অনুভব করাও ভালো ফল বাছাইয়ের একটি কার্যকর উপায়।
স্বাভাবিকভাবে পাকা কি না যাচাই করুন
স্বাভাবিকভাবে পাকা আমের রঙ সাধারণত সমান হয় এবং এতে প্রাকৃতিক সুবাস থাকে। অতিরিক্ত উজ্জ্বল রঙের বা অসমভাবে পাকা দেখায় এমন আম কেনার ক্ষেত্রে সতর্ক থাকুন।
এই সহজ বিষয়গুলো মাথায় রাখলে বাজার থেকে সহজেই মিষ্টি, রসালো ও সুস্বাদু আম নির্বাচন করতে পারবেন।
প্রতিদিন আম খেলে মিলতে পারে যেসব স্বাস্থ্য উপকারিতা
কাশি কমাতে মধু কতটা কার্যকর?
যেভাবে পাকা আম দীর্ঘদিন সংরক্ষণ করবেন