আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশের ২৯৯টি আসনে ব্যালট পেপার পৌঁছে গেছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) সচিব আখতার আহমেদ। তিনি বলেন, ভোটগ্রহণ শেষে ফলাফল প্রকাশে দীর্ঘ সময় লাগবে না।
মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে বিদেশি সাংবাদিকদের জন্য স্থাপিত মিডিয়া সেন্টারের উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
ইসি সচিব জানান, নির্বাচনকে ঘিরে সব ধরনের প্রস্তুতি প্রায় সম্পন্ন হয়েছে। ভোটাররা উৎসবমুখর পরিবেশে কেন্দ্রে গিয়ে ভোটাধিকার প্রয়োগ করবেন বলে আশা প্রকাশ করেন তিনি। একইসঙ্গে গণমাধ্যমকর্মীদের সত্য তথ্য পরিবেশনের আহ্বান জানিয়ে অপতথ্য প্রচার থেকে বিরত থাকার অনুরোধ করেন।
তিনি বলেন, জুলাই আন্দোলনের অন্যতম প্রত্যাশা ছিল একটি সুষ্ঠু নির্বাচন আয়োজন। ভোটার তালিকা প্রণয়নে শতভাগ নির্ভুলতা নিশ্চিত করা সম্ভব না হলেও তরুণ ভোটারদের অন্তর্ভুক্ত করতে আইন সংশোধন করা হয়েছে। ২০২৫ সালের ৩১ অক্টোবর পর্যন্ত যাদের বয়স ২৫ বছর পূর্ণ হয়েছে, তাদের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে।
আখতার আহমেদ আরও বলেন, রিটার্নিং কর্মকর্তারা পোস্টাল ভোটের দায়িত্বে থাকবেন। পোস্টাল ব্যালট গণনায় কিছুটা বেশি সময় লাগতে পারে। তবে কেন্দ্রগুলোর ফলাফল সংগ্রহ ও গণনা শেষে দ্রুত সময়ের মধ্যেই চূড়ান্ত ফল ঘোষণা করা হবে।

