স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, জুলাই সনদ নিয়ে মাঠপর্যায়ে নানা ধরনের বিভ্রান্তি ছড়ানোর অপচেষ্টা করা হচ্ছে। জুলাই সনদ বাস্তবায়ন বিতর্কের অবসান হওয়া উচিত।
রোববার (১৯ জুলাই) সকালে রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে ন্যাশনাল এডিটরস কাউন্সিলের উদ্যোগে আয়োজিত ‘জুলাই শহীদ সাংবাদিক সম্মাননা’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, জুলাই সনদ নিয়ে মাঠপর্যায়ে নানা ধরনের বিভ্রান্তি ছড়ানোর অপচেষ্টা করা হচ্ছে। তবে যেকোনো সংকটেরই শেষ পর্যন্ত আলোচনার মাধ্যমে সমাধান সম্ভব। তিনি উল্লেখ করেন, জুলাই গণ-আন্দোলন এ দেশের মানুষের সামনে একটি নতুন রাষ্ট্র গঠনের অভূতপূর্ব সুযোগ সৃষ্টি করেছে, যা যেকোনো মূল্যে বাস্তবায়ন করতে হবে। ছাত্র-জনতার রক্তে অর্জিত এই নতুন আকাঙ্ক্ষাকে নসাৎ হতে দেওয়া যাবে না এবং দেশের প্রতিটি নাগরিকের অধিকার ও সাম্য নিশ্চিত করাই এই সরকারের প্রধান লক্ষ্য।
মন্ত্রী আরও বলেন, বর্তমান সরকারের ওপর দেশের মানুষের গভীর আস্থা ও বিশ্বাস রয়েছে। রাজনৈতিক দল হিসেবে বিএনপি দেশের মানুষের কাছে যেসব প্রতিশ্রুতি দিয়েছিল, সরকার এখন সেগুলোই পর্যায়ক্রমে বাস্তবায়ন করার আপ্রাণ চেষ্টা করছে। এই সংস্কার শুধু একটি দলের জন্য নয়, বরং গোটা জাতির সুন্দর ভবিষ্যতের জন্য করা হচ্ছে। তবে দীর্ঘদিনের জঞ্জাল দূর করে একটি নিয়মতান্ত্রিক ব্যবস্থা গড়ে তুলতে কিছুটা সময়ের প্রয়োজন উল্লেখ করে কোনো ধরনের উসকানি বা গুজবে কান না দিয়ে তিনি দেশবাসীকে ধৈর্য ধরার আহ্বান জানান।
অনুষ্ঠানে জুলাই আন্দোলনে শহীদ হওয়া সাংবাদিকদের অবদানকে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে স্থানীয় সরকার মন্ত্রী বলেন, সংবাদমাধ্যম হলো গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ। গণ-আন্দোলনের সময় মাঠপর্যায়ের নির্ভীক সাংবাদিকেরা নিজেদের জীবন বাজি রেখে সত্য তুলে ধরেছেন। শহীদ সাংবাদিকদের পরিবারের পাশে দাঁড়ানো সরকারের পবিত্র দায়িত্ব এবং গণমাধ্যমের স্বাধীনতা রক্ষায় এই সরকার সম্পূর্ণ প্রতিশ্রুতিবদ্ধ।
জাতীয় এডিটরস কাউন্সিলের এই আয়োজনে দেশের শীর্ষস্থানীয় সংবাদপত্রের সম্পাদক, জ্যেষ্ঠ সাংবাদিক এবং শহীদ পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
ঢাকায় আরও ৫০ পয়েন্টে অটোমেটিক ট্রাফিক লাইট চালুর নির্দেশ
বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের যৌথ মহড়া শুরু আজ