যৌথ করিডোর ও পাইপলাইনের প্রস্তাব

মিয়ানমার থেকে পাইপলাইনে গ্যাস আমদানির উদ্যোগ

আপডেট : ০৩ আগস্ট ২০২৬, ০৭:৪৪ এএম

দেশে চলমান তীব্র জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার পর এবার প্রতিবেশী দেশ মিয়ানমার থেকে পাইপলাইনের মাধ্যমে গ্যাস আমদানির বিশেষ উদ্যোগ নিয়েছে সরকার। চট্টগ্রাম পর্যন্ত এই পাইপলাইন চালুর ব্যাপারে জোর আলোচনা চলছে।

রোববার সচিবালয়ে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদের সাথে মিয়ানমারের রাষ্ট্রদূত কিয়াও সোয়ে মোয়ে এক সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় দ্বিপক্ষীয় জ্বালানি সহযোগিতা জোরদারে এই গুরুত্বপুর্ণ প্রস্তাব উত্থাপন করা হয়।

মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে জানানো হয়, অতীতে চট্টগ্রাম পর্যন্ত পাইপলাইন তৈরির প্রস্তাবটি আবারও নতুন করে আলোচনার টেবিলে আনা হয়েছে। পাশাপাশি তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) হিসেবেও গ্যাস সরবরাহের সম্ভাব্যতা খতিয়ে দেখার বিষয়ে উভয় পক্ষ একমত হয়েছে।

বৈঠকে জ্বালানিমন্ত্রী দুই দেশের মন্ত্রী পর্যায়ের সফর ও আলোচনার ওপর গুরুত্ব আরোপ করেন। চীনের সহায়তায় পরিকল্পিত ‘চীন-মিয়ানমার-বাংলাদেশ’ অর্থনৈতিক করিডোর বাস্তবায়নে এ ধরনের পাইপলাইন স্থাপনের উদ্যোগ অত্যন্ত ফলপ্রসূ হতে পারে বলে জানান মন্ত্রী।

মিয়ানমারের রাষ্ট্রদূত বিষয়টিকে ইতিবাচকভাবে গ্রহণ করে জানান, সার্বিক সম্ভাব্যতা যাচাইয়ে বাংলাদেশ-মিয়ানমার যৌথ কারিগরি কমিটির বৈঠক দ্রুত আয়োজন করা যেতে পারে। সাক্ষাৎকালে মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত সহ ঊর্ধ্বতন সচিবগণ উপস্থিত ছিলেন।

সংবাদের উৎস/সোর্স: বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় (সংবাদ বিজ্ঞপ্তি)।

HN
আরও পড়ুন