তারেক রহমানকে দিল্লির আমন্ত্রণ, ঢাকার সিদ্ধান্ত এখন জরুরি

আপডেট : ২০ আগস্ট ২০২৬, ০৫:২১ পিএম

বাংলাদেশের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে ভারত সফরে ‘সম্মানজনক স্বাগত’ জানানোর প্রতিশ্রুতি দিয়ে নয়াদিল্লি তাদের অবস্থান স্পষ্ট করেছে বলে মন্তব্য করেছে ভারতের সংবাদমাধ্যম দ্যপ্রিন্টের সম্পাদকীয় টিম। তাদের মতে, এখন সিদ্ধান্ত নেওয়ার পালা ঢাকার।

১৯ আগস্ট প্রকাশিত এক মতামতে দ্যপ্রিন্ট বলেছে, তারেক রহমানের ভারত সফরকে ঘিরে নয়াদিল্লির এই অবস্থান দুই দেশের সম্পর্ক নিয়ে ভারতের অভিপ্রায় পরিষ্কার করেছে। এমন পরিস্থিতিতে বাংলাদেশ যদি কঠোর অবস্থান ধরে রাখে, তা হবে অদূরদর্শী সিদ্ধান্ত।

প্রতিবেদনে বলা হয়, ভারতের এমন উদ্যোগের পরও ঢাকার পক্ষ থেকে অপ্রয়োজনীয় বিরোধপূর্ণ অবস্থান অব্যাহত রাখা ঠিক হবে না। বাংলাদেশকে ‘অপ্রয়োজনীয় সংঘাত’ থেকে বেরিয়ে আসার আহ্বান জানিয়েছে দ্যপ্রিন্ট।

দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে অতীতের বিরোধ ও টানাপোড়েন পেছনে ফেলে সামনে এগিয়ে যাওয়ার প্রয়োজনীয়তার ওপর জোর দেওয়া হয়েছে মতামতে। দ্যপ্রিন্টের ভাষ্য, বাংলাদেশ-ভারত সম্পর্ককে এখন সত্যিকার অর্থেই অতীত থেকে বেরিয়ে সামনে এগিয়ে যেতে হবে।

প্রতিবেদনটির মূল বক্তব্য হলো, তারেক রহমানকে স্বাগত জানানোর ভারতের বার্তা ঢাকার জন্য একটি কূটনৈতিক সুযোগ তৈরি করেছে। সেই সুযোগ কাজে লাগিয়ে বাংলাদেশ-ভারত সম্পর্কের টানাপোড়েন কমিয়ে নতুনভাবে এগিয়ে যাওয়ার সিদ্ধান্ত এখন বাংলাদেশের হাতে।

Attr/AHA
আরও পড়ুন