স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ফ্যাসিবাদী শক্তিকে আর কোনোদিন বাংলাদেশের মাটিতে রাজনীতি করতে দেয়া হবে না। বিগত সময়ে গুম, গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের সঙ্গে যারা জড়িত, তাদের বিচারের আওতায় আনা হবে।
শনিবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর ধোলাইখাল মাঠে ঢাকা-৬ আসনের উদ্যোগে আয়োজিত এক সমাবেশে বক্তব্য দেওয়ার সময় এসব কথা বলেন তিনি। পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে এ সমাবেশের আয়োজন করা হয়।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, যারা দেশে গণহত্যা, গুম ও হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ছিল, তাদের প্রত্যেকের বিচার করা হবে। ২০২৪ সালের ছাত্র-জনতার আন্দোলনের পর দেশে ফ্যাসিবাদ ও স্বৈরাচারের কোনো জায়গা নেই বলেও মন্তব্য করেন তিনি।
তিনি আরও বলেন, ২০২৪ সালের আন্দোলনে সংঘটিত হত্যাকাণ্ডের বিচার করা হবে। স্বাধীনতার পর যারা হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ছিল, তাদের রাজনীতি করার সুযোগ দেওয়া হবে না। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মাধ্যমে গণহত্যায় জড়িতদের বিচার নিশ্চিত করা হবে। প্রয়োজন হলে ট্রাইব্যুনালের সংখ্যা বাড়ানোর কথাও বলেন তিনি।
শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করার প্রসঙ্গে সালাহউদ্দিন আহমদ বলেন, তিনি দেশে ফিরলে প্রত্যাবর্তন চুক্তির আওতায় তাকে ফিরিয়ে আনা এবং আদালতের দেওয়া সাজা ভোগের সুযোগ দেওয়ার কথা। আইন অনুযায়ী আপিলের সুযোগ থাকলে তিনি সেই সুযোগও নিতে পারবেন বলে মন্তব্য করেন স্বরাষ্ট্রমন্ত্রী।
জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রসঙ্গ তুলে তিনি বলেন, প্রতিবেশী অনেক দেশে জ্বালানির দাম বাংলাদেশের তুলনায় কয়েক গুণ বেড়েছে। সীমান্ত দিয়ে জ্বালানি পাচার এবং আন্তর্জাতিক বাজারে মূল্যবৃদ্ধির কারণে সরকার কিছুটা দাম বাড়াতে বাধ্য হয়েছে বলে দাবি করেন তিনি। এ জন্য জনগণের কাছে দুঃখ প্রকাশ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানও এ বিষয়ে একাধিকবার দুঃখ প্রকাশ করেছেন।
বিরোধী দলের লংমার্চের প্রসঙ্গেও বক্তব্য দেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, সাত মাস পূর্ণ হওয়ার আগেই লংমার্চ করা নিয়ে সমস্যা নেই। তবে দেশের মানুষ স্বাধীনতাবিরোধীদের সঙ্গে নেই বলেও মন্তব্য করেন তিনি।
কেন্দ্রীয় কারাগারে অসুস্থ হয়ে ঢামেকে কয়েদির মৃত্যু
যশোরে ট্রেনের ধাক্কায় ইজিবাইকের ২ যাত্রী নিহত