দেশের অধিকাংশ পরিবারই রান্নার জন্য ব্যবহার করে অ্যালুমিনিয়ামের হাঁড়িপাতিল। আর দৈনন্দিন ব্যবহার্য এসব হাঁড়িপাতিল থেকে খাবারে মিশতে পারে সিসা। অ্যালুমিনিয়ামের হাঁড়িপাতিল পরিস্কার করতে সাধারণত লোহার মাজুনি দিয়ে মাজা হয়। এই মাজুনির কারণেই শুরু হতে পারে সিসার সূত্রপাত। অ্যালুমিনিয়ামের হাঁড়িপাতিলে থাকা বিষাক্ত ধাতু সিসা মাজুনির ঘর্ষণে বেরিয়ে এসে মিশে যেতে পারে খাবারে।
সাম্প্রতিক এবিষয়ে করা গবেষণায় দেখা গেছে, নতুন অ্যালুমিনিয়ামের পাত্রে রান্না করা ভাতে প্রতি কেজিতে গড়ে ৩০৫ মাইক্রোগ্রাম আর খিচুড়িতে ৪২০ মাইক্রোগ্রাম পর্যন্ত সিসা পাওয়া গেছে। পুরোনো হাঁড়িতেও মিলছে বিষাক্ত এই উপাদান। এসব পরিচিত পাত্রই হয়ে উঠছে বড় স্বাস্থ্যঝুঁকির উৎস। কেননা দীর্ঘ সময় ধরে এই সিসা শরীরে ঢুকলে জটিল সব রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কা রয়েছে।
এই গবেষণাটি যৌথভাবে পরিচালনা করেছে আইসিডিডিআরবি এবং যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি। এই তথ্য প্রকাশের পর কেবল সাধারণ মানুষই নন, উদ্বিগ্ন গবেষকরাও। গবেষণার বিষয়ে আইসিডিডিআরবির প্রজেক্ট কো-অর্ডিনেটর ডা. মাহবুবুর রহমান জানান, ‘আইসিডিডিআরবি বেশ অনেক দিন ধরেই এ বিষয়ে গবেষণা করছে। গবেষণায় দেখা গেছে, যেসব শিশুর রক্তে আমরা সিসার উপস্থিতি পরীক্ষা করেছি, প্রত্যেক শিশুই রোগাক্রান্ত। সবচেয়ে বেশি ক্ষতিকর বিষয় হলো, গর্ভে থাকা শিশুর মায়ের রক্তে যদি সিসা থাকে, তাহলে সেই সিসা শিশুর শরীরেও প্রবেশ করে। এর ফলে শিশুরা শেষ পর্যন্ত বিশেষ চাহিদাসম্পন্ন শিশুতে পরিণত হতে পারে।’
শুধু পাত্রের উপাদানই নয়, রান্নার উপাদানও বাড়াতে পারে স্বাস্থ্যঝুঁকি। অ্যালুমিনিয়ামের হাঁড়িতে টক বা অ্যাসিডযুক্ত খাবার রান্নার সময় ক্ষতিকর সিসার নিঃসরণ বাড়ে, সুস্বাদু খাবার হয়ে ওঠে জীবনের জন্য হুমকি। এ বিষয়ে গবেষক ডা. জেসমিন সুলতানা বলেন, ‘হাঁড়ি-পাতিল কেনার সময় আমরা বেশিরভাগ ক্ষেত্রেই চিন্তা করি না যে- এসব হাঁড়ি-পাতিল থেকেও ক্ষতিকর উপাদান আমাদের খাবারে মিশতে পারে এবং শরীরে প্রবেশ করতে পারে।’
এদিকে গবেষক ডা. সানজিদা আদিবা বলেন, ‘আমাদের দেশে যে পরিমাণ অ্যালুমিনিয়াম আমদানি হয়, তা প্রয়োজনীয় পরিমাণের মাত্র এক-তৃতীয়াংশ। আমরা যদি আরও বড় পরিসরে অ্যালুমিনিয়ামের সরবরাহ নিশ্চিত করতে চাই, তাহলে সরকারের সহায়তা ছাড়া তা কখনোই সম্ভব হবে না। অন্তত খাদ্যনিরাপত্তার মান পূরণ করে, এমন ফুড-গ্রেড অ্যালুমিনিয়ামের হাঁড়ি-পাতিল কিংবা স্টিলের পাত্র ব্যবহার করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।’
বাংলাদেশের জনস্বাস্থ্যবিষয়ক সর্বোচ্চ জাতীয় গবেষণা ও প্রশিক্ষণ প্রতিষ্ঠান নিপসম। এখানকার পরিচালকের মতে, সব অ্যালুমিনিয়ামের হাঁড়ি-পাতিল সমান ঝুঁকিপূর্ণ নয়। আর সামনে এমন গবেষণা আরও বড় পরিসরে হওয়া দরকার বলে মনে করছেন তিনি। তবে নিপসমের পরিচালক নাসরিন সুলতানা বলেন, গবেষণার ফলাফল শুধু বইয়ের পাতায় সীমাবদ্ধ থাকা উচিত নয়। এর সুফল জনগণের ভোগ করা উচিত। এ সমস্যা কমিয়ে আনার ব্যবস্থা করতে হবে। এ ক্ষেত্রে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকা রয়েছে। কারণ, শুধু স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষে এ বিষয়ে সবকিছু করা সম্ভব নয়। বিশেষজ্ঞদের মতে, সবচেয়ে বেশি জরুরি ক্ষতিকর ধাতুমুক্ত হাঁড়ি-পাতিল উৎপাদনে সরকারি নির্দেশনা ও জনসচেতনতা।
চাকরির বাজারের চাহিদা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার মান বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির
শিল্পাঞ্চলে ৩৫ প্লাটুন বিজিবি মোতায়েন
গোপালগঞ্জে ছয় প্লাটুন বিজিবি মোতায়েন