শিক্ষাকে আনন্দময় ও কর্মমুখী করতে ব্যাপক কর্মসূচি সরকারের

আপডেট : ১৮ জুন ২০২৬, ০২:৫৩ পিএম

দেশের নতুন প্রজন্মকে মুখস্থনির্ভর পড়াশোনার গণ্ডি থেকে বের করে দক্ষ, চিন্তাশীল ও পরিবেশ-সচেতন নাগরিক হিসেবে গড়ে তুলতে দেশব্যাপী ব্যাপক কর্মসূচি হাতে নিয়েছে সরকার। 

আগামী ২৮ জুন রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জাতীয় পর্যায়ে নির্বাচিত সেরা ১০০টি দলের বিজ্ঞান প্রজেক্ট প্রদর্শনী এবং একযোগে ২৯ হাজার ৬২১টি শিক্ষাপ্রতিষ্ঠানে এই বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

জানা গেছে, এর অংশ হিসেবে মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের জন্য শুরু হয়েছে ‘স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং’ মহোৎসব। একই সাথে জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় শিক্ষাঙ্গনে শুরু হতে যাচ্ছে পাঁচ কোটি দেশীয় গাছের চারা রোপণের ‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ কর্মসূচি।

শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) তাদের ‘এডুকেশনাল এক্সিলেন্স সাপোর্ট স্কিম (ইইএসএস)’ এবং ‘লার্নিং অ্যাক্সিলারেশন ইন সেকেন্ডারি এডুকেশন (লেইস)’ প্রকল্পের মাধ্যমে এই মেগা উদ্যোগ দুটি বাস্তবায়ন করছে। 

মাউশির মহাপরিচালক অধ্যাপক ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল জানান, এই কর্মসূচির মূল লক্ষ্য শিক্ষার্থীদের বিশ্লেষণধর্মী চিন্তার বিকাশ ঘটানো এবং তরুণ উদ্যোক্তা সৃষ্টির পথ উন্মোচিত করা। পাশাপাশি শিক্ষার্থীরাই যেন আগামীতে জলবায়ু মোকাবিলার মূল হাতিয়ার হতে পারে, সেই সচেতনতা তৈরি করা।

ইইএসএস স্কিম সূত্রে জানা গেছে, দেশের মাধ্যমিক পর্যায়ের (ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণি) সাধারণ ও মাদ্রাসা শিক্ষাব্যবস্থার সব শিক্ষার্থী ও শিক্ষক এতে অংশ নিচ্ছেন। ইতোমধ্যে গত ১২ জুন উপজেলা এবং ১৪ জুন জেলা পর্যায়ের প্রতিযোগিতা সফলভাবে শেষ হয়েছে। জেলা পর্যায় থেকে নির্বাচিত সেরা ১০০টি দল নিয়ে আগামী ২৭ জুন ঢাকায় চূড়ান্ত মূল্যায়ন পর্ব অনুষ্ঠিত হবে। পরদিন ২৮ জুন প্রধানমন্ত্রী বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেবেন। চূড়ান্তভাবে নির্বাচিত সেরা ১০টি দলকে ট্রফি দেওয়া হবে। এছাড়া বিজয়ী শিক্ষকেরা ৩০ হাজার টাকা এবং শিক্ষার্থীরা ২০ হাজার টাকাসহ রাষ্ট্রীয় সনদপত্র পাবেন।

অন্যদিকে, সরকারের নির্বাচনী ইশতেহার অনুযায়ী আগামী ৫ বছরে দেশের স্কুল-কলেজ ও মাদ্রাসায় ৫ কোটি দেশীয় ফলদ, বনজ ও ঔষধি গাছ লাগানোর পরিকল্পনা নেওয়া হয়েছে। ২৮ জুন উদ্বোধনের দিন দেশের ১৮ হাজার ৯০৭টি বিদ্যালয়, ১ হাজার ৪৪৬টি স্কুল অ্যান্ড কলেজ এবং ৯ হাজার ২৬৮টি মাদ্রাসাসহ মোট ২৯ হাজার ৬২১টি শিক্ষাপ্রতিষ্ঠানে একযোগে ন্যূনতম তিনটি করে গাছ লাগিয়ে এই মহাযজ্ঞের সূচনা হবে।

লেইস প্রকল্পের পরিচালক প্রফেসর মো. আসাদুজ্জামান জানান, উদ্বোধনী অনুষ্ঠানটি একযোগে সারাদেশে সম্প্রচার করা হবে। দেশের ১০০টি বিশেষ সেন্টারে স্থানীয় সংসদ সদস্য ও গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে সরাসরি ভিডিও কনফারেন্সের ব্যবস্থা থাকবে, যেখানে প্রধানমন্ত্রী সরাসরি মাঠপর্যায়ের সাথে যুক্ত হতে পারবেন।

SN
আরও পড়ুন