বাংলাদেশকে পেছনের দিকে ঠেলে দিয়ে আফগানিস্তানের মতো পরিস্থিতির দিকে নিতে চায় জামায়াতে ইসলামী—এমন মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব ও ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সোমবার (২ ফেব্রুয়ারি) সকালে ঠাকুরগাঁও সদর উপজেলার ঢোলারহাট ইউনিয়নে আয়োজিত এক নির্বাচনি পথসভায় তিনি এসব কথা বলেন। পথসভায় মির্জা ফখরুল জামায়াতের সাম্প্রতিক নারীবিদ্বেষী ও কর্মসংস্থানবিরোধী অবস্থানের কঠোর সমালোচনা করেন।
তিনি বলেন, ‘জামায়াতে ইসলামী নারীদের কর্মসংস্থানের বিপক্ষে। তারা নারীদের ঘরে আটকে রাখতে চায় এবং গার্মেন্টসে কর্মরত নারীদের কাজের সময়সীমা কমিয়ে দেওয়ার কথা বলছে। নারীরা কাজ না করলে খাবে কী? সরকার টাকা দেবে—এমন প্রতিশ্রুতি সম্পূর্ণ বাটপারি। কাজ না করলে কোনো সরকারই টাকা দেয় না।’
জামায়াতকে দেশের অগ্রগতির অন্তরায় উল্লেখ করে বিএনপি মহাসচিব আরও বলেন, ‘পুরুষের চেয়ে নারীর সংখ্যা বেশি হওয়া সত্ত্বেও জামায়াত তাদের বাদ দিয়ে দেশকে পেছনের দিকে নিতে চায়। আমরা সামনে এগিয়ে যেতে চাই। নারী-পুরুষ সবাইকে সমান অধিকার নিয়ে বাঁচতে হবে।’ এসময় তিনি জামায়াতের বিরুদ্ধে ধর্মকে ব্যবহার করে ‘দাঁড়িপাল্লায় ভোট দিলে বেহেশতে যাবে’—এমন বিভ্রান্তিকর প্রচারণারও সমালোচনা করেন।
নির্বাচনি পরিবেশ নিয়ে মির্জা ফখরুল বলেন, ‘যদি কেউ ধানের শীষের প্রচারে বাধা দেয় বা হুমকি দেয়, তবে আমাদের জানান। আমরা আইনি ব্যবস্থা নেব। সরকার পরিষ্কার বলেছে, নির্বাচনে ভয় দেখালে ক্রিমিনাল অ্যাক্টে ব্যবস্থা নেওয়া হবে।’
সবশেষে একটি অসাম্প্রদায়িক ও সম্প্রীতির ঠাকুরগাঁও গড়ার অঙ্গীকার ব্যক্ত করে তিনি বলেন, ‘সনাতন ধর্মাবলম্বীসহ সব ধর্ম-বর্ণের মানুষকে নিয়ে আমরা একটি মডেল ঠাকুরগাঁও গড়তে চাই। উন্নয়ন ও গণতন্ত্র প্রতিষ্ঠায় সবাই ১২ ফেব্রুয়ারি কেন্দ্রে গিয়ে ধানের শীষে ভোট দিন।’
কেন্দ্র দখল করার পরিকল্পনা করা হচ্ছে, উপযুক্ত জবাব দেয়া হবে
জাতির বাঁক পরিবর্তনের দিন ১২ ফেব্রুয়ারি: ডা. শফিকুর রহমান
