নেত্রকোনার দুর্গাপুরে সাংবাদিক লুৎফরজ্জামান ফকির ওরফে আলিফ ফকিরকে গুলি করে হত্যার ঘটনায় অজ্ঞাতনামা আটজনের বিরুদ্ধে মামলা করেছেন তাঁর স্ত্রী অনিন্দিতা সাংমা। শুক্রবার (১৬ অক্টোবর) রাতে দুর্গাপুর থানায় তিনি মামলাটি করেন।
মামলার বিষয়টি নিশ্চিত করেছেন দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার সাকের আহমেদ।
এদিকে, ঘটনাস্থল পরিদর্শন করেছেন এসআরবি-১৪ ময়মনসিংহের অতিরিক্ত ডিআইজি মো. মাসুদরানা। তিনি বলেন, ঘটনাটি অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। ঘটনার পর থেকেই কর্মকর্তারা এলাকায় কাজ করছেন। পাশাপাশি ছায়া তদন্তও অব্যাহত রয়েছে।
নিহত সাংবাদিকের স্ত্রী অনিন্দিতা সাংমা জানান, তাঁদের দুটি সন্তান রয়েছে। স্বামীকে নৃশংসভাবে হত্যার ঘটনায় সন্তানদের নিয়ে আতঙ্ক ও নিরাপত্তাহীনতায় ভুগছেন তিনি।
উল্লেখ্য, বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রাত আনুমানিক ৮টার দিকে দুর্গাপুর উপজেলার তেলুঞ্জিয়া এলাকায় একটি চায়ের দোকানের সামনে সাংবাদিক আলিফ ফকিরকে গুলি করা হয়।
দুর্গাপুর থানার ওসি খন্দকার সাকের আহমেদ বলেন, ঘটনার পর থেকেই আসামিদের শনাক্ত করার চেষ্টা চলছে। আশপাশের সিসিটিভি ক্যামেরার ফুটেজসহ বিভিন্ন আলামত পর্যালোচনা করে তদন্ত করা হচ্ছে। খুব শিগগিরই জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে বলেও জানান তিনি।
এআই প্রযুক্তির নতুন টর্পেডো পরীক্ষা করেছে উ. কোরিয়া