ইতিহাস গড়ে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে  টাইগারদের সিরিজ জয়

আপডেট : ১১ জুন ২০২৬, ০৮:৫৫ পিএম

চার দশকের অপেক্ষা শেষ করে ওয়ানডে ক্রিকেট ইতিহাসে প্রথমবারের মতো অস্ট্রেলিয়া জাতীয় ক্রিকেট দলকে সিরিজে হারাল বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দ্বিতীয় ওয়ানডেতে জয় তুলে নিয়ে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত করেছে টাইগাররা।

টসে জিতে ব্যাটিংয়ে নামা অস্ট্রেলিয়া বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ৪২ ওভারে ৮ উইকেটে ১৮৭ রান করে। পরে ডাকওয়ার্থ–লুইস–স্টার্ন পদ্ধতিতে বাংলাদেশের লক্ষ্য দাঁড়ায় ১৯২ রান।

জবাবে শুরুতে ধাক্কা খেলেও সৌম্য সরকার ও নাজমুল হোসেন শান্তর জুটি ম্যাচের ভিত গড়ে দেয়। পরে নিয়মিত উইকেট হারালেও ৫ উইকেট হাতে রেখেই জয় নিশ্চিত করে বাংলাদেশ।

বল হাতে দুর্দান্ত ছিলেন বাংলাদেশের পেসার তাসকিন আহমেদ ও মুস্তাফিজুর রহমান। দুজনেই তিনটি করে উইকেট নেন, আর তানভীর ইসলাম নেন দুটি উইকেট।

অন্যদিকে ইনিংসের শুরুতে ভয়াবহ ধস নামে অস্ট্রেলিয়ার ব্যাটিংয়ে, শূন্য রানে তিন উইকেট হারিয়ে রেকর্ড লজ্জায় পড়ে সফরকারীরা। পরবর্তীতে জেভিয়ার বার্টলেট ও মার্নাস লাবুশেন কিছুটা প্রতিরোধ গড়লেও বড় স্কোর গড়তে পারেনি তারা।

ব্যাটিংয়ে বাংলাদেশের হয়ে সৌম্য সরকার খেলেন ৪২ রানের গুরুত্বপূর্ণ ইনিংস, শান্তও যোগ করেন সমান ৪২ রান। লিটন দাস ও প্রথম ম্যাচের ম্যাচসেরা মোসাদ্দেক ভালো জুটি গড়লেও ম্যাচ জিতিয়ে মাঠ ছাড়তে পারেননি। 

তবে শেষে অজিদের আর কোনো ঝামেলা পাকাতে দেননি দুই টাইগার ব্যাটার তাওহিদ হৃদয় ও কাপ্তান মেহেদি হাসান মিরাজ। হৃদয় ৪০ ও মিরাজ ২২ রানে অপরাজিত থেকে ম্যাচ জিতিয়ে মাঠ ছাড়েন।    

AS
আরও পড়ুন
সর্বশেষপঠিত